# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেছেন, নিরাপদ লিচু যেন মানুষ পায়, সেটি নিশ্চিত করতে হবে। বাজারজাত প্রক্রিয়া যেন সুন্দর থাকে সেটিও খেয়াল রাখতে হবে। কোনো ভাবেই যেন ক্ষতিকর কোনো কিছু লিচুতে স্প্রে করা না হয় যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লিচুর দাম যাতে অতিরিক্ত না রাখা হয় সেটি আপনার বিবেচনায় রাখবেন।
২১ মে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া লিচু বাগান পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লিচু চাষীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক আরো বলেন, আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলে সুযোগ-সুবিধা ও অসুবিধার বিষয়ে জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মঙ্গলবাড়িয়া এলাকার লিচু চাষিসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৫০ বছরের পুরনো মঙ্গলবাড়িয়ার লিচু স্বাদে, গন্ধে অতুলনীয়। এর খ্যাতি দেশজুড়ে। বিদেশেও যাচ্ছে এখানকার লিচু। উপজেলার মঙ্গলবাড়িয়া, কুমারপুর, হোসেন্দীর একাংশ ও নারান্দী এলাকায় ১২ হাজারের মতো লিচু গাছ রয়েছে। এবছর এসব এলাকায় ১০-১২ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।