• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ইটনার বাদলা হাওরে খোকন মিয়ার হার্ভেস্টার দিয়ে কাটা হচ্ছে ধান -পূর্বকণ্ঠ

৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক
একরে হার্ভেস্টার ভাড়া
প্রায় আড়াই গুণ বেশি

# মোস্তফা কামাল :-
হাওরে হার্ভেস্টার যাওয়ার পর থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে বোরো মৌসুমে শ্রমিক খুবই কম আসছেন। এর পরও এবার যারা এসেছিলেন, তাদের অধিকাংশই বৈরি আবহাওয়ার কারণে ফিরে গেছেন। যে কারণে এখন হাওরে তীব্র শ্রমিক সঙ্কট চলছে। যে ক’জন শ্রমিক আছেন, তাদের দৈনিক মজুরি ৮০০ টাকা থেকে উঠে গেছে দেড় হাজার দুই হাজার টাকায়। এর সুযোগ নিচ্ছে হার্ভেস্টার সিন্ডিকেট। অভিযোগ খোদ কৃষকদের। কয়েক দিনের রোদের কারণে নিমজ্জিত কিছু জমির ধান কৃষকরা হার্ভেস্টার দিয়ে কাটার চেষ্টা করছেন। আবার কিছুটা উঁচু এলাকায়ও প্রচুর জমি রয়েছে। সেসব জমির ধানও এখন কাটা হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের আমলে হাওরাঞ্চলে হার্ভেস্টারসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়রে ক্ষেত্রে সরকার ক্রেতাদের ৭০ ভাগ ভর্তুকি দিয়েছিল। কিন্তু গত তিন বছর ধরে ভর্তুকি বন্ধ আছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান। তবে ভর্তুকি মূল্যে কেনা এসব হার্ভেস্টার দিয়েই মালিকরা এখনও হাওরে ধান কাটছেন বলে কৃষকরা জানিয়েছেন। এদিকে কৃষি বিভাগ নির্ধারণ করে দিয়েছিল, প্রতি একর জমির ধান কাটতে কৃষকদের কাছ থেকে হার্ভেস্টার মালিকরা সর্বোচ্চ ছয় হাজার টাকা নিতে পারবেন। একথা জানিয়েছেন উপ-পরিচালক ড. সাদিকুর রহমান।
কিন্তু এবারের বৈরি আবহাওয়ার কারণে শ্রমিক সঙ্কটের সুযোগ নিয়ে কৃষকদের জিম্মি করে হার্ভেস্টার ভাড়া আদায় করা হচ্ছে প্রায় আড়াই গুণ। একরে ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। অথচ এ বিষয়ে কৃষি বিভাগের কোন তদারকি নেই। নিকলী উপজেলার ছাতিরচর এলাকার কৃষক হাজি জসিম উদ্দিন জানিয়েছেন, তাদের এলাকায় বর্তমানে এক একর জমির ধান কাটতে হার্ভেস্টারে নিচ্ছে ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। ইটনার থানেশ্বর এলাকার কৃষক আবুল কাশেম জানিয়েছে, তাদের এলাকায়ও এক একর জমির ধান কাটতে ১৪ হাজার টাকা নিয়েছে।
এদিকে ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার জানিয়েছেন, স্বাভাবিক সময়ে হাওরে একটি হার্ভেস্টারে ১৫ থেকে ১৬ লিটার ডিজেল খরচ করে এক একর জমির ধান কাটা যায়। আর পানি জমে থাকা জমিতে এক একর জমির ধান কাটতে খরচ হয় ১৭ লিটার থেকে ১৯ লিটার ডিজেল। যখন ডিজেলের মূল্য ছিল ১০০ টাকা লিটার, তখন সামান্য কাদাপানি জমে থাকা হাওরে এক একর জমির ধান কাটতে নেওয়া হতো ছয় হাজার টাকা। তখন ডিজেল বাবদ একরে খরচ হতো দেড় হাজার টাকা থেকে ১৬শ’ টাকা। এখন লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে ডিজেল বাবদ প্রতি একরে এক হাজার ৭২৫ টাকা থেকে এক হাজার ৮৪০ টাকা খরচ হচ্ছে। অর্থাৎ, এখন বাড়তি খরচ হচ্ছে মাত্র ২২৫ টাকা থেকে ২৪০ টাকা।
তবে একটু বেশি পানি জমে থাকার জন্য এসব জমিতে এখন বেশি ডিজেল খরচ হচ্ছে। এর জন্য একরে বাড়তি খরচ হচ্ছে ৪৫৫ টাকা থেকে ৫৮৫ টাকা। ফলে কিছুটা শুকনো জমি হোক, আর পানি জমে থাকা জমি হোক, ধান কাটতে কৃষকদের কাছ থেকে একরে ছয় হাজার টাকার সাথে বাড়তি টাকাগুলো যোগ করে আদায় করা উচিত বলে কৃষকরা মনে করেন। কিন্তু নেওয়া হচ্ছে কল্পনারও বেশি টাকা, যাকে বলে ‘গলা কাটা মূল্য’। হার্ভেস্টার মালিকরা তীব্র শ্রমিক সঙ্কটের সুযোগ নিচ্ছেন।
শনিবার ইটনার বাদলা হাওরে গিয়ে দেখা গেছে, খোকন মিয়া নামে এক ব্যক্তি নিজের হার্ভেস্টার দিয়ে কৃষকদের জমির ধান কেটে দিচ্ছেন। এসব জমি একটু উঁচু জায়গায়, পানি নেই। জিজ্ঞাসা করে জানা গেছে, এখন এক একর জমির ধান কাটতে আট হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে স্থানীয় কৃষকরা বলছেন, এটিও ডিজেলের মূল্য অনুযায়ী অনেক বেশি। তারা জানান, কয়েকদিন আগেও বৃষ্টির সময় ধান কাটতে নিয়েছে ১৪ হাজার টাকা। এখনও কিছুটা পানিতে ধান কাটতে ১৪ টাকা করেই নিচ্ছে। ঠাকুরগাঁও থেকে হার্ভেস্টার নিয়ে আসা রমজান আলী জানিয়েছেন, ডিজেলের দাম বেড়েছে। ফলে খরচও বেড়েছে। কাজেই সেই অনুযায়ী ভাড়া না নিলে হার্ভেস্টার চালানো কঠিন হয়ে পড়বে। পানিতে নেমে ধান কাটতে গেলে হার্ভেস্টারের কিছু ক্ষতিও হয়। তখন মেরামত করতে গিয়ে বাড়তি টাকা খরচ করতে হয় বলেও হার্ভেস্টার মালিকরা জানিয়েছেন। কিন্তু কৃষকরা মন্তব্য করেছেন, যেহেতু শ্রমিক সঙ্কট যাচ্ছে, ফলে হার্ভেস্টার মালিকরা নানা অজুহাতে গলা কাটা ভাড়া আদায়ের সুযোগ নিচ্ছেন। তারা বলেন, কৃষকরা এখন সবদিক থেকেই মার খাচ্ছেন। একদিকে শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ টাকার মধ্যে দেড় হাজার থেকে দুই হাজার টাকায় উঠে গেছে। অন্যদিকে শ্রমিক সঙ্কটের সুযোগ নিয়ে হার্ভেস্টার মালিকরা গলাকাটা ভাড়া আদায় করছেন। কৃষকরা বাঁচবেন কী করে, প্রশ্ন তাদের!
হার্ভেস্টারের মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমানকে প্রশ্ন করলে বলেন, ‘আপনি জানালেন, আমি খোঁজ নেব’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *