• শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

জমিতে দাঁড়িয়ে থাকা গাছেও চারা গজাচ্ছে!

জমিতে দাঁড়িয়ে থাকা
গাছেও চারা গজাচ্ছে!

# নিজস্ব প্রতিবেদক :-
এতদিন দেখা গেছে, কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের ধান কেটে আনার পর টানা বৃষ্টির কারণে চারা গজিয়ে গেছে। যেসব ধান মাড়াই করার পর বৃষ্টির কারণে শুকানো যায়নি, সেগুলিতে যেমন চারা গজিয়েছে, আবার বৃষ্টির কারণে মাড়াই করতে না পারা ধানের আঁটিতেও চারা গজিয়েছে। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র, যা আগে কোনদিন দেখা যায়নি। যেসব ধান জলাবদ্ধতা আর বৃষ্টির কারণে কাটা সম্ভব হয়নি, জমিতে দাঁড়িয়ে থাকা এসব গাছের মধ্যেই ধানে চারা গজাচ্ছে! এমন দৃশ্য এর আগে কখনও দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইটনার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের বাসিন্দা সামিউল হক ভূঁইয়া জানিয়েছেন, তাদের থানেশ্বর হাওরে অনেক জমির ধান বেশ কয়েকদিন আগে পেকে গেলেও জলাবদ্ধতার কারণে এখনও কাটা সম্ভব হয়নি। এসব ধান এতদিন ছিল পানিতে নিমজ্জিত। কয়েকদিন ধরে পানি কিছুটা কমে যাবার কারণে ধানের শীষগুলো পানির ওপর কিছুটা ভেসে উঠেছে। কিন্তু বাতাস আর মাঝে মাঝে বৃষ্টির কারণে এসব শীষ কখনও পানির ওপরে থাকে, কখনও কখনও পানিতে হেলে পড়ে থাকে। কখনও ভিজে, কখনও শুকায়। এটা অঙ্কুরোদগমের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। ফলে জমিতে দাঁড়িয়ে থাকা গাছের ধানেই চারা গজিয়ে গেছে।
সামিউল হক জানিয়েছেন, এতদিন পানিতে তলিয়ে থাকা কৃষকদের ধান গরিব মানুষেরা যার যার মত করে কেটে নিয়ে গেছেন। পানিতে নষ্ট হচ্ছে বলে কেউ বাধা দেননি। কিন্তু কয়েকদিন ধরে থানেশ্বর হাওরের পানি কমতে শুরু করায় এলাকায় মাইকিং করা হয়েছে, জমির মালিক ছাড়া অন্য কেউ যেন ধান না কাটেন। এর পরও বুধবার একজন দিনমজুরকে অন্যের জমি থেকে কিছু ধান কেটে আনতে দেখা গেছে। তাঁর কাছেই দেখা গেছে, জমিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাছের ধানে এই চারা গজানোর চিত্র। ফলে পানি শুকালেও কৃষকের মনে এখন স্বস্তি নেই। এসব ধান কেটে আনলেও তা থেকে খাওয়ার উপযোগী চাল হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *