# মোস্তফা কামাল :-
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ধানের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন। ৫ মে মঙ্গলবার তিনি ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। এসময় তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনটি শ্রেণিতে ভাগ করে তিন মাস ব্যাপী অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করবে।
সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার মাসে সাড়ে সাত হাজার টাকা, মাঝারি ক্ষতিগ্রস্ত পরিবার পাঁচ হাজার টাকা, আর স্বল্প ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাবে আড়াই হাজার টাকা করে। এছাড়া প্রতিটি পরিবার মাসে ২০ কেজি করে চাল পাবে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সচিব জনিয়েছেন।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানিয়েছেন, তারা সোমবারই ক্ষয়ক্ষতির তালিকা শেষ করেছেন। এতে জেলায় ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ১২ হাজার ৫৫৪ হেক্টর জমি। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দেখানো হয়েছে ৪৯ হাজার ৭১৫ জন। ফসলের আর্থিক ক্ষতি দেখানো হয়েছে ২৫৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা। এই তালিকা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, কবে থেকে সরকার সহায়তা কার্যক্রম শুরু করবে, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঠিক করবে। কতটুকু ক্ষতিকে সর্বোচ্চ, মাঝারি ও স্বল্প ধরা হবে, সেটিও মন্ত্রণালয় ঠিক করবে। তবে মঙ্গলবার অষ্টগ্রামের কলমা ইউনিয়নে নতুন করে বাঁধ ভেঙে ৬০০ হেক্টর জমি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৮শ কৃষক। এই তালিকাও পরবর্তীতের তৈরি করা হবে।
সচিবের হাওর পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজাসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারের মৌসুমে জেলার ১৩ উপজেলায় এক লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে কেবল হাওর এলাকায় আবাদ হয়েছিল এক লাখ চার হাজার ৫৮১ হেক্টর জমি। জেলায় এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সাত লাখ ৯৬ হাজার ৬৮৬ মেট্রিক টন।