# মিলাদ হোসেন অপু :-
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন- এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। ২০ মে বুধবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।
ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মারুকী শাহীন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ প্রমুখ।
এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ভুলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়েছে অনেক পরিবার ও অনেক ব্যবসায়ীরা। তাই মানুষকে অগ্নিকাণ্ডের মতো ভুল যেন না হয় সেদিকে সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ভৈরব বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও যানবাহনে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড নির্বাপণ নিবারণের প্রদর্শনী করা ও ভৈরবের মানুষকে সচেতন করতে সচেতনতামূলক মাইকিং করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।