• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট ভূমিসেবা মেলা উপলক্ষে শোভাযাত্রা করে উদ্বোধন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে ধর্ষণ প্রতিরাধে মানববন্ধন ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের র্প্বূ গোবরিয়া (পূর্ব পাড়া) গ্রামে লেয়ার মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অভিযোগ উঠেছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় লেয়ার মুরগির দুটি খামার স্থাপন করা হয়েছে। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধ থেকে প্রতিকার পেতে গত ১৯ মে মঙ্গলবার মুরগির খামার অপসারণ ও আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র হোসেন আলী (৬২)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পার্শ্ববর্তী বাড়ির মৃত মো. রজব আলীর পুত্র মো. সাইফুল ইসলাম (৫০) ও মো. দ্বীন ইসলাম (৫৫) মিলে দীর্ঘদিন যাবৎ ধরে তাদের বাড়ি সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নিয়মকানুনের তোয়াক্কা না করে দুইটি লেয়ার মুরগির খামার স্থাপন করে মুরগি পালন করে আসছে। এর ফলে মুরগির খামারের বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ওই খামারের বর্জ্য ফেলা হচ্ছে হোসেন আলীর বসতবাড়ি ও ফসলী জমির পাশে। শুধু তাই নয় খামারের ডিমের খোসা, নষ্ট ডিম, মরা মুরগি ও মুরগির বিষ্ঠা হোসেন আলীর বাড়ির পাশে ফেলার কারনে এসব বর্জ্যের পচা পানি আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও রাস্তার পথচারীদের। এ ছাড়া পচা বর্জ্য পানিতে মিশে ছড়িয়ে পড়ছে তাদের কৃষি জমিসহ পাশের কৃষিজমিতে। ফলে স্থানীয় কৃষকরা দূষিত পানির কারণে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, নষ্ট হচ্ছে হোসেন আলীর জমিসহ প্রতিবেশী কৃষকের ফসল ও ফসলি জমি, হুমকির মুখে পড়েছে কৃষি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
হোসেন আলী তাঁর লিখত আবেদনে আরো উল্লেখ করেন, সম্প্রতি পচা বর্জ্যের দূষিত পানিতে তাঁর ১৮ শতাংশ বাদম ক্ষেত, ১৪ শতাংশ ধান ক্ষেত ও ৪ শতাংশ চালকুমড়া বাগান নষ্ট হয়ে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য কৃষকেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি আরো উল্লেখ করেন, খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তার স্ত্রী সমুজা বানু (৪৫) ও তাঁর মাদ্রাসা পড়ুয়া মেয়ে জান্নাত (১৩) সহ প্রতিবেশীরা প্রতিনিয়ত বমি করছে। ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়েরিয়া হওয়ার কারনে তাঁর স্ত্রীকে দুইবার কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তাঁর মেয়ে বাড়িতে খাবার খেতে পারছেনা। অন্যত্র পাঠিয়ে খাবার খাওয়াতে হচ্ছে তাকে। প্রতিবেশীরাও ভালো ভাবে খাবার খেতে পারছেনা। পেট ফুলে যাচ্ছে। স্থানীয় মসজিদের মুসুল্লিরা মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ঠিক মতো নামাজ পড়তে পারছেনা। পথচারীরা নাকে কাপড় দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এলাকার পানি দূষিত হয়ে কালচে আকার ধারণ করেছে। যার কারণে বায়ু ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
এব্যাপারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল, স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল হক মঞ্জু, জজ মিয়া মাষ্টার, মহিউদ্দিন, জসিম উদ্দিন ও মধু মিয়াসহ এলাকার অনেককেই তাদের এ কষ্টের কথা জানিয়ে এবং খামার এলাকা দেখিয়ে কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা।
গ্রামের বাসিন্দা হাছেন আলী বলেন, আমার বাড়ির পাশেই খামার। বিষ্ঠা থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। আশপাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিক মতো খাবার খেতে পারছিনা। বমি বমি লাগে। অনেক সময় বমি করে দিতে হয়। আমরা এ প্রতিকার চাই।
মাদ্রাসা পড়ুয়া ছাত্রী জান্নাত বলে, মুরগির বিষ্ঠার দুর্গন্ধে আমি বাড়িতে খেতে পারিনা, পড়তে ও থাকতে পারিনা। অন্যত্র গিয়ে খেতে হয়। বাড়িতে থাকলে বমি বমি লাগে। অনেক কষ্ট লাগে।
জানা যায়, খামারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত খামারের বর্জ্য অপসারণের ব্যবস্থা নেই। খামারটি স্থাপনের ক্ষেত্রে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ মানা হয়নি বলেও জানা যায়।
১৯ মে মঙ্গলবার বিকালে পূর্ব গোবরিয়া (পূর্ব পাড়া) গ্রামে গিয়ে দেখা যায়, খামারটির আশপাশে মুরগির বিষ্ঠা ছড়িয়ে-ছিটিয়ে আছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের তিনপাশে বসতবাড়ি। এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এক পাশে বাদাম, ধান ও চালকুমড়ার ক্ষেত। এসব ক্ষেত অনেকটা নষ্ট হয়ে গেছে। বর্তমানে একটি খামারে প্রায় ১ থেকে দেড় হাজার মুরগি রয়েছে। এসব মুরগির বিষ্ঠার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের চারদিকে মানুষের বসবাস করা দায় হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী, একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণিসম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না। এসব কোন নিয়মনীতি মানা হয়নি এখানে।
অভিযুক্ত খামার মালিক মো. সাইফুল ইসলাম (৫০) বলেন, আমি গরিব মানুষ, বাড়ির ভিতরে একটা লেয়ার মুরগির খামার করেছিলাম, এটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এটার খাঁচা আমি বিক্রি করে দিমু। এটায় ব্রয়লার বা অন্য কিছু তুলমু। লেয়ার মুরগি তুলমুনা। আর বাড়ির পিছনে যেটা আছে এটা বন্দের সাইট দেখিয়া এটায় লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি, এটা থাকবো দেখিয়া রাইখা দিমু। এটা বাড়ির পাশে ঠিক কিন্তু বন্দের সাইটে। এ দুটি খামার করে আমার সবকিছু শেষ করে ফেলেছি। এই খামারের আয় দিয়েই আমার সংসার চলে। এই জায়গা ছাড়া অন্য কোথাও আমার কোন জায়গায় জমি নেই। প্রায় তিন বছর যাবৎ এখানে লেয়ার মুরগির খামার করে মুরগি লালন পালন করে আসছি। এত দিন কোন সমস্যা হয়নি। মুরগির বিষ্ঠা অন্যত্র সরিয়ে নেওয়া হতো। ঝড়ে রাস্তায় একটি গাছ পড়ার কারনে গাড়ি চলাচল করতে না পারায় বিষ্ঠাগুলো সরাতে পারিনি। তাই ফার্মের পাশে গর্ত ও ওয়াল করে বিষ্ঠাগুলো রাখা হয়েছিলো। বৃষ্টির পানিতে এগুলো ছড়িয়ে যাওয়ার ফলে একটু সমস্যা হয়েছে। অচিরেই গর্তে মাটি ভরাট করে বিষ্ঠা গুলো চাপা দিয়ে দেওয়া হবে। এছাড়া বিষ্ঠার দুর্গন্ধে যাতে পরিবেশ দূষিত না হয় সে দিকে খেয়াল রাখা হবে। আমার আর্থিক অসচ্ছলতার দিক বিবেচনা করে খামার দুটি চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, স্থানীয় লোকজন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি অপসারণের কথা বলে আসছিলো। কিন্তু খামারের মালিক তা মানেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, হোসেন আলীর দাখিল করা লিখত অভিযোগ পত্রটি পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *