• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
-ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত নিরাপদ লিচু যেন মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে ……. কিশোরগঞ্জের জেলা প্রশাসক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার ক্রয় রশিদ বিহীন ১১টি বই হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে, হাসিলের হার উঠেছে দ্বিগুণে, ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট

হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে, হাসিলের হার উঠেছে দ্বিগুণে, ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা

গরু-ছাগল বিক্রি বাবদ আদায় করা হাসিলের প্রামাণ্য কপি -পূর্বকণ্ঠ

হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে
হাসিলের হার উঠেছে দ্বিগুণে
ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে পৌনে চার কোটি টাকা ইজারার গরুর হাট এবার মাত্র সোয়া কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। এর ফলে সরকার এবার বিপুল অঙ্কের রাজস্ব হারালো। এর জন্য ইতোমধ্যে বড় ধরনের দুর্নীতির গুঞ্জন উঠেছে। বিভিন্ন পক্ষকে দুর্নীতির জন্য তুলোধুনো করে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। এদিকে আবার ২০ মে বুধবার সাপ্তাহিক হাট থেকে হাসিলের হার বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ। অর্থাৎ, ইজারাদার ইজারা পেতেও হলেন বিপুলভাবে লাভবান, আবার হাসিল আদায়েও হবেন দ্বিগুণ লাভবান। এতে ক্ষতির মুখে পড়ে ক্রেতা-বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন।
নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের ‘আঠারবাড়ীয়া গোপী রায়ের বাজার’ নামে পরিচিত গরুর হাটটি গত বছর ১৪৩২ বঙ্গাব্দের জন্য আঠারবাড়ীয়া গ্রামের জমশেদ আলী নামে এক ব্যক্তি ইজারা নিয়েছিলেন তিন কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকায়। কিন্তু চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এক কোটি ২৫ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছে নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সরদারকে। ইজারা মূল্য কমে গেছে দুই কোটি ৫০ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় এক-তৃতীয়াংশেরও কম টাকায় ইজারা হয়েছে। চৈত্র মাসে দরপত্র আহবান করা হয়। হাটের দখল বুঝিয়ে দেওয়া হয় পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত মেয়াদকালের জন্য।
আগের ইজারাদার জমশেদ আলী জানিয়েছেন, তিনি গরু ও মহিষ বিক্রির ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৩০০ টাকা, আর বিক্রেতার কাছ থেকে ৩০০ টাকা হাসিল হাদায় করতেন। ছাগল বিক্রির ক্ষেত্রে আদায় করতেন ক্রেতার কাছ থেকে ১৫০ টাকা, আর বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা। এর পরও এক বছরে ছয় কোটি টাকার বেশি টাকা আদায় হয়েছে। এই টাকা থেকে বিভিন্ন দলের নেতাদের নির্বাচনের খরচও দিয়েছেন। নির্বিঘ্নে ইজারাদারি করতে গিয়ে আরও বিভিন্ন মহলে টাকা দিতে হয়েছে। এর পরও তিনি লাভবান ছিলেন বলে জানালেন। এবার তিনি প্রয়োজনে পাঁচ কোটি টাকায় ইজারা নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু নানামুখি প্রতিবন্ধকতার কারণে ইজারার দরপত্রে অংশ নেননি বলে জানিয়েছেন।
সামনেই কোরবানির ঈদ। ফলে ২০ মে বুধবার সাপ্তাহিক হাটে বিপুল পরিমাণ পশু উঠেছে। বুধবার থেকে এই দ্বিগুণ হাসিল আদায়ের প্রমাণ পাওয়া গেছে। ঢাকার নাঈম কসাই নামে এক ব্যক্তি স্থানীয় সাজনপুর গ্রামের বাচ্চু নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকায় একটি গরু কিনেছেন। উভয়ের কাছ থেকে ৬০০ করে ১২শ’ টাকা হাসিল আদায় করে রশিদ দেওয়া হয়েছে। রশিদে মুদ্রিত ৬০০ টাকার অঙ্কটা কেটে ১২শ’ টাকা লেখা হয়েছে। এবার থেকে হাসিল দ্বিগুণ করায় ক্রেতা-বিক্রেতা উভয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বাজিতপুরের জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি ১৭ হাজার ৫০০ টাকা দিয়ে একটি খাসি কিনেছেন বাজিতপুরের শেখদী গ্রামের এসিন নামে এক ব্যক্তির কাছ থেকে। তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকার স্থলে ৩০০ টাকা করে মোট ৬০০ টাকা হাসিল আদায় করা হয়েছে। তারাও দ্বিগুণ হাসিল আদায় করায় চরমভাবে ক্ষুব্ধ। কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দিনামনি গ্রামের মাহফুজ নামে এক বিক্রেতাও গরু বিক্রি করে তাঁর পকেট থেকে ৬০০ টাকা হাসিল দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সাবেক ইজারাদার জমশেদ আলী জানান, ২০০৯ সালে হাটটি প্রতিষ্ঠার পর থেকে দিন দিন এর ব্যাপক প্রসার ঘটছে। উজান-ভাটির বিভিন্ন উপজেলা থেকে এখানে কৃষক ও খামারিরা গবাদি পশু নিয়ে আসেন বিক্রি করতে। স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও ক্রেতা আসেন। কিন্তু আগে আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করে হাটটি ইজারা নিতেন। বাজার প্রতিষ্ঠার পর থেকে ১৪৩১ বঙ্গাব্দ পর্যন্ত বছরে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা ইজারার রেকর্ড আছে। অথচ এখানে বুধবার সাপ্তাহিক হাটের দিনই অন্তত দুই হাজারের মত পশু বিক্রি হয়। প্রতি হাটে প্রায় ১২ লক্ষ টাকা পর্যন্ত হাসিল আদায় হয়। ঈদের একটি হাটে প্রায় অর্ধ কোটি টাকাও হসিল আদায় হয়। বছরে প্রায় ছয় কোটি টাকা হাসিল আদায় হয়। জমশেদ একটি ঈদের হাটেই ৫৩ লক্ষ টাকা হাসিল পেয়েছিলেন বলে জানিয়েছেন। হাটের এরকম আয় দেখেই জমশেদ আলী গতবছর দারদাতাদের কঠিন প্রতিযোগিতার মধ্যে এক লাফে ইজারা মূল্য বাড়িয়ে তিন কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকায় হাটটি ইজারা নিয়েছিলেন। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব পেয়েছে।
এত বড় একটি হাটে কোন পুলিশ মোতায়েন নেই। বুধবার দুই পকেটমার ধরা পড়েছে। জনতা ধরে গণপিটুনি দিয়েছে। হাটে আগেরবার সিসি ক্যামেরা বসালেও এবার কোন সিসি ক্যামেরা এবং জাল টাকা শনাক্তের কোন ব্যবস্থাও নেই বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
কিন্তু মোকারম সরদার ইজারা নিয়েই এবার হাসিলের পরিমাণ দ্বিগুণে নিয়ে গেছেন। এ ব্যাপারে ইজারাদার মোকারম সরদারকে ফোন করলে জানান, ‘গত বছর কত টাকায় ইজারা হয়েছে, সেটা বড় কথা নয়। ১৫ বছর ধরে ২৫ লক্ষ টাকায় ইজারা হয়েছে। সেই তুলনায় আমি অনেক বেশি দিয়ে ইজারা নিয়েছি।’ তিনি বুধবার ১২শ’ টাকা হাসিল আদায় করা সম্পর্কে কিছু জানেন না বললেন। বলেছেন, ‘আমি ঢাকায় আছে। যারা হাসিল আদায় করার দায়িত্বে আছেন, আমি তাদেরকে নিষেধ করে দিব’।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তিকে দ্বিগুণ হাসিল আদায় প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন, তাঁর কাছেও এরকম অভিযোগ গিয়েছে। তিনি ইজাদারকে বলে দিয়েছেন। ইজাদার ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাঁকে জানিয়েছেন।
এদিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, ২০ মে বুধবার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জেলার সকল উপজেলা কমিটির সদস্যদের একটি ওরিয়েন্টেশন কর্মসূচী ছিল। সেখানে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা বিভাগের পরিচালক মো. মাসুদুর রহমান। তাঁর কাছে কয়েকজন নিকলীর এই হাটের ইজারার দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন। তখন পরিচালক বলেছেন, কেউ লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *