ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ সাগর হোসেন (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ মঙ্গলবার ১৯ মে বিকালে পৌর শহরের দুর্জয় মোড় এলাকার নুরানী ড্রাই ক্লিনার লন্ড্রির সামনে থেকে তাকে আটক করা হয়। সাগর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানার রাধানগর বণিকপাড়া এলাকার মৃত আমানউল্লাহ মিয়ার ছেলে। সে বর্তমানে পৌর শহরের জগন্নাথপুর ভুট্টু মিয়ার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড় নুরানী ড্রাই ক্লিনার লন্ড্রি সংলগ্ন এলাকা থেকে সাগর হোসেনকে আটক করা হয়। আটকে পরে তার দেহ তল্লাশি করে ডান পায়ের ঊরুতে এংলেটের ভিতরে বিশেষ কায়দায় বেশ কয়েকটি কালো জিপারে রাখা ১ হাজার ৯ শ ৮০ পিস ইয়াবা উদ্ধারসহ সাগর হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আসামি সাগর হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

