সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাসে এক নারী যাত্রীকে ইভটিজিং করার দায়ে রাসেল আহমেদ (৩২) নামের এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বিচারক হিসেবে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ফজলুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে অনন্যা ক্লাসিক পরিবহনে এক নারী যাত্রীকে ইভটিজিং করেন বাসযাত্রী ওই যুবক। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এসময় অভিযুক্ত যুবক দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিফাত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।