ইশতিয়াক আহমাদ শৈভিক :-
কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপি ভূমিসেবা মেলা। ১৯ মে মঙ্গলবার ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালীর মাধ্যমে দেশের জেলা, উপজেলায় মেলার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে ভৈরবেও বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
পরে র্যালি শেষে ভূমি অফিস চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সোহেল মিয়া, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোবারক হোসেন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, পৌর বিএনপি সভাপতি ও সাবেক
মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান ও ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি।
জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, গ্রামের সহজ সরল মানুষগুলো আধুনিক সেবার বিষয়টি বুঝতে পারলেও অনলাইন সেবার বিষয়টি বুঝতে সহজতর হবে না। তাই অনলাইনের বিষয়টি নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অনলাইন সেবা সহজ করতে ভূমি অফিসের সকল উদ্যোগকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনলাইন সেবা কার্যক্রম সরকারের একটি মহতী উদ্যোগ। সর্বস্তরের মানুষ যেন সেই সেবা ভোগ করতে পারে সেইদিকে প্রয়োজনীয় বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, ভৈরবে ই-নামজারি করতে মাসের পর মাস ঘুরতে হয় না। ৯ দিনেও ভৈরবে ই-নামজারি হয়ে যায়। বিশেষ প্রয়োজনে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে একদিনেই নামজারি করা সম্ভব।
তিনি আরো বলেন, ভূমি সেবা পেতে তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না। প্রয়োজন নিজের সচেতনতা। অনলাইনে দেখতে চাই ষধহফ.মড়া.নফ লিখলে দেখা যাবে। আর এটি না বুঝলে ১৬১২২ এ ফোন করলে অনলাইন সেবা নেয়া যাবে। আমাদের ভূমি সম্পর্কে জানতে হবে। জমি সম্পর্কে জানতে হবে তাহলে আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।
ভূমি মেলা উপলক্ষে পাঁচটি স্টল করা হয়েছে। সেবা গ্রহিতারা সহজে ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর দেওয়াসহ ভূমি সম্পর্কিত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।
সভা শেষে অতিথিবৃন্দ বিগত দিনের ভূমি সেবায় ভূমি অফিস কর্মকর্তাদের মধ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করছে তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও ভূমি সেবায় অগ্রণী ভূমিকা রাখায় ভূমি সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।
সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি আড্ডার আয়োজন করা হয়। আড্ডায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিক্ষার্থীদের ভূমি সম্পর্কে সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে ভূমি সম্পর্কিত বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন ও তাদের মধ্যে থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন।
জানা যায়, সময়মতো ভূমি উন্নয়ন কর ও ই-নামজারী করাটাই শ্রেয়। তাই বছরের হিসাব চুকিয়ে দিতে এবং আইনি জটিলতা এড়াতে এই সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা বাঞ্ছনীয়। অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে সশরীরে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না, যা সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। ভূমি মন্ত্রণালয় আশা করছে, এই ডিজিটাল রূপান্তরের ফলে ভূমি কর আদায়ে স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।
মেলার আয়োজক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক বলেন, ভূমি সেবা সপ্তাহ একটি চলমান প্রক্রিয়া। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভৈরব ভূমি অফিসে এসে যেকোন ব্যক্তি এই মেলায় ভূমি সেবা গ্রহণ করতে পারবে। ভূমি সেবার মধ্যে রয়েছে জমির বকেয়া ও চলতি অর্থ বছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করা, ই-নামজারি ও জমা খারিজের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা যাবে এবং খতিয়ান বা রেকর্ডে নামের বানান ভুল থাকলে তা সংশোধন করে দেয়া হবে। এছাড়া ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।