• বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ঊরুতে অভিনব কায়দায় রেখে পাচারকালে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাসযাত্রীকে ইভটিজিং, যুবকের ৫ দিনের জেল জরিমানা ভৈরবে তিন দিনব্যাপি ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা বাজিতপুরে ব্র্যাকের উদ্যোগে ৪৩০ জন কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ বিতরণ নরসিংদীতে ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নতুন জেলা কমিটি গঠন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল পাকুন্দিয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতা গ্রেপ্তার মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন

পৌনে চার কোটি টাকার গরুর হাট সোয়া কোটি

পৌনে চার কোটি টাকার
গরুর হাট সোয়া কোটি

নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে পৌনে চার কোটি টাকা ইজারার গরুর হাট এবার মাত্র সোয়া কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। এর জন্য বড় ধরনের দুর্নীতির গুঞ্জন উঠেছে। এর ফলে সরকার এবার বিপুল পরিমাণ রাজস্ব হারালো বলে এলাকায় বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া এলাকায় ‘গোপী রায়ের হাট’ নামে পরিচিত হাটটি গত বছর, অর্থাৎ বাংলা ১৪৩২ সনের জন্য ইজারা হয়েছিল তিন কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকায়। কিন্তু চলতি ১৪৩৩ সনে ইজারা হয়েছে এক কোটি ২৫ লক্ষ টাকায়। কমে গেছে দুই কোটি ৫০ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা। গত বছরের তুলনায় এক-তৃতীয়াংশেরও কম টাকায় ইজারা হয়েছে। গত বছর হাটটি ইজারা নিয়েছিলেন পার্শ্ববর্তী সাজনপুর গ্রামের জমসেদ আলী। চলতি সনের জন্য হাটটি সম্প্রতি ইজারা পেয়েছেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সরদার।
জমসেদ আলী জানিয়েছেন, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দিন দিন হাটটি ব্যাপক প্রসার লাভ করেছে। কিন্তু আগে আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করে হাটটি ইজারা নিতেন। বাজার প্রতিষ্ঠার পর থেকে বাংলা ১৪৩১ সন পর্যন্ত বছরে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা ইজারার রেকর্ড আছে। অথচ এখানে বুধবার সাপ্তাহিক হাটের দিন দুই হাজারের মত গবাদি পশু বিক্রি হয়। প্রতিটি গরুর বা মহিষ বিক্রি হলে ক্রেতা ৩০০ আর বিক্রেতা ৩০০ টাকা হাসিল প্রদান করেন। আর ছাগল বিক্রি হলে ক্রেতা ও বিক্রেতা ১৫০ টাকা করে হাসিল প্রদান করেন। প্রতি হাটে প্রায় ১২ লক্ষ টাকা পর্যন্ত হাসিল আদায় হয়। বছরে আদায় হয় প্রায় ছয় কোটি টাকা। হাটের আয় দেখে জমসেদ আলীই প্রথম ১৪৩২ সনে তিন কোটি ৭৫ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকায় ইজারা নিয়েছিলেন। এর পরও তিনি হাট থেকে ভাল অঙ্কের টাকা আয় করেছেন বলে জানিয়েছেন। কিন্তু নানা কারণে তিনি এবার ইজারা ডাকে অংশ নেননি বলে জানিয়েছেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান জানিয়ছেন, কিশোরগঞ্জ জেলায় স্থায়ী পশুর হাট আছে ১১০টি।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তিকে এত কম মূল্যে ইজারা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বলেন, এর আগে তো ২৫ লক্ষ টাকায়ও ইজারা হতো। এবার যে কয়জন দরপত্র জমা দিয়েছিলেন, এর মধ্যে সর্বোচ্চ এক কোটি ২৫ লক্ষ টাকার দরপত্রদাতাকে ইজারা দেওয়া হয়েছে। তবে কতজন দরপত্র জমা দিয়েছিলেন, সংখ্যাটা তিনি বলতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়, গত বছর তো প্রায় পৌনে চার কোটি টাকায় ইজারা হয়েছিল। তাহলে এবার এত কম ইজারা মূল্যের দরপত্র জমা পড়ার কারণে পুনঃদরপত্র প্রদানের সুযোগ ছিল কি না। উত্তরে তিনি বলেন, এ বিষয়ে তিনি জেনে পরে জানাবেন। এ ব্যাপারে কথা বলার জন্য ইজারাদার মোকারম সরদারকে একাধিকবার ফোন করলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন বলেছেন, কী কারণে এত কম মূল্যে ইজারা দেওয়া হলো, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *