• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ দেবে ডিসিসি উত্তর

মোস্তফা কামাল :

কিশোরগঞ্জে এবার ডেঙ্গু মোকাবেলায় মশা মারার ওষুধ দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে তাদের সঙ্গে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজের কথাও হয়েছে। গত ৮ মার্চ কিশোরগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় মেয়র মাহমুদ পারভেজ করোনা ভাইরাস বিষয়ে আলোচনার সময় বলেন, এখন ডেঙ্গুর প্রাদুর্ভাবেরও সময় এসে গেছে। ফলে করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায়ও প্রস্তুতি নিতে হবে। সবাইকে যেমন এডিস মশার উৎস নির্মূলে সজাগ থাকতে হবে, সম্মিলিতভাবে কাজ করতে হবে, পাশাপাশি মশক নিধনের ওষুধও পৌরসভার পক্ষ থেকে ছিটানো হবে। তবে এডিস মশা নিধনে কার্যকর ওষুধের বিষয়ে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কয়েকদিন আগে কথা বলেছেন। যেহেতু পৌরসভার পক্ষে বিদেশ থেকে ওষুধ আমদানি করা দুরূহ ব্যাপার, সেই কারণে মেয়র মাহমুদ পারভেজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহায়তা চেয়েছিলেন। তাকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, তাদের মজুদে যতটুকু ওষুধ রয়েছে, সেখান থেকেই কিশোরগঞ্জ পৌরসভাকে সরবরাহ করা হবে। সিটি কর্পোরেশন তাদের প্রয়োজনীয় ওষুধ বিদেশ থেকে আনিয়ে নেবেন।
মেয়র মাহমুদ পারভেজ এ প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি গতকাল বৃহস্পতিবার ওষুধ আনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গিয়েছেন। সিটি কর্পোরেশন কীটতত্ত্ববিদসহ তাদের একটি টিম ওষুধসমেত কিশোরগঞ্জে পাঠাবে। তারা ওষুধ ছিটিয়ে পরখ করে দেখবেন এর কার্যকারিতা কতটুকু। এরপরই তারা পৌরসভাকে প্রয়োজন মাফিক ওষুধ সরবরাহ করবে। মেয়র জানিয়েছেন, আগে যেসব ওষুধ ব্যবহার করা হতো, এগুলির কার্যকারিতা নিয়ে নানারকম প্রশ্ন উঠেছিল। ফলে এবার সিটি কর্পোরেশন নিজেরাই বিভিন্ন উপাদানের মিশ্রণে ওষুধ তৈরি করেছেন। সেগুলি বেশ কার্যকর হবে বলে আশা করা যায়। কিশোরগঞ্জ পৌরসভায় চারটি ফগার মেশিন রয়েছে। এগুলি দিয়েই পৌর এলাকায় মশার ওষুধ ছিটানো হবে বলে মেয়র জানিয়েছেন। তবে সচেতন মহল মনে করে, কিশোরগঞ্জ পৌরসভার জন্য মশক নিধনে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অধিকতর বরাদ্দ দেয়া দরকার। কারণ পৌরসভার পক্ষে কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধ করাটাই দুষ্কর হয়ে পড়ে। কর্মচারীরা এর আগে লাগাতার আন্দোলনও করেছেন। ফলে মশক নিধনে বাড়তি বরাদ্দ না দিলে এডিস মশা ছাড়াও অন্যান্য প্রজাতির মশক নিধন কঠিন হয়ে পড়বে। গতবছরও কিশোরগঞ্জে ডেঙ্গু মোকাবেলায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সরকারগুলো পরিচ্ছন্নতাসহ ব্যাপক কার্যক্রম নিয়েছিল। তখন জেলার বিভিন্ন হাসপাতালে বেশ কিছু রোগী ভর্তি হলেও কোন মৃত্যুর ঘটনা ছিল না। আর রোগীদের কয়েকজন স্থানীয়ভাবে আক্রান্ত হলেও অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *