# মোস্তাফিজ আমিন :-
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা গ্রাম আদালত বিষয়ক ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮এপ্রিল) কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমন্বয়ক মো: হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় এ সময় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির অন্যতম সদস্য ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএইচ আজিমুল হক, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতাউর রহমান আকন্দ, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক ও এনটিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক মোস্তাফিজ আমিন।
সভার শুরুতে গ্রাম আদালত বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক হাফিজা আক্তার। এ সময় তিনি জানান, বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করাই হলো এই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।

সভায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যারা গ্রাম আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, তাদের মধ্য থেকে আগানগর ইউপির চেয়ারম্যান মো: হুমায়ূন কবির, কালিকাপ্রসাদের মো. লিটন মিয়া, শিবপুরের হাজী শফিকুল ইসলাম, শ্রীনগরের মো. হারুন অর রশীদ, গজারিয়ার শাহরিয়ার গ্রাম আদালতের বিভিন্ন অগ্রগতি ও সমস্যা সমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এ সময় তারা জনবল সংকট, প্রচারণার অভাব, আর্থিক সহায়তার অভাব, আদালত পরিচালনার জন্য বাজেট না থাকা, বিচার কাজের আর্থিক মূল্যমান কম থাকা (সর্বোচ্চ তিন লাখ টাকা), স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে শালিসের প্রতি জনগণের আগ্রহ এবং ছোটখাট বিষয়েও থানা পুলিশের দ্বারস্থ হওয়ার জনগণের প্রবণতার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.মামুনুর রশীদ বলেন, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কিছু ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়েছে। এখানে কোনো আইনজীবি নিয়োগের কোনো বিধান না থাকায় খরচ ছাড়াই তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করা যায়।
গ্রাম আদালত অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়। পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে, আইনজীবির দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। তাই এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুন:স্থাপনের চেষ্টা করা হয়।। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।
তিনি গ্রামীণ জনপদের জনগণের জন্য এমন সহজ ও চমৎকার বিচার ব্যবস্থাকে সক্রিয় করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি এই ব্যবস্থার সকল প্রতিবন্ধকতা দূরীকরণে তিনি উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের কথা জানান।
তিনি এ সময় গ্রাম আদালত বিষয়ে অধিক পরিমাণ জনগোষ্ঠীকে অবহিতকরণের জন্য গ্রামের বিভিন্ন হাট-বাজার, স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, থানা কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বরে বিলরোর্ড, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি লাগানোর নির্দেশনা দেন।
এ ছাড়াও থানায় আশা ছোটখাট সমস্যা সমাধানে জনগণকে নিজ নিজ এলাকার গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য পরামর্শ দিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরামর্শ প্রদান করেন। অনুরূপ নির্দেশনা সহকারি কমিশনার মহোদয়কেও দেন তিনি। গ্রাম আদালত পরিচালনায় ইউপি চেয়ারম্যানদের যেকোনো পরামর্শ ও সহযোগিতা উপজেলা নির্বাহী, সহকারি কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে নেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।