# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা। আজ ১৭ মে রবিবার দুপুর ২টার রেলওয়ে স্টেশন রোডের খাজা বাবা দান বাক্সের সামনের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আমলাপাড়া এলাকার মৃত কাদির মিয়ার ছেলে মুছা মিয়া (৪৮) ও একই এলাকার মৃত আল আমিন মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)। আটকের পর দুই মাদককারবারিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।
ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন রোডের খাজা বাবা দান বাক্সের সামনে একটি রিকশার গ্যারেজে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় গ্যারেজের ভেতর থেকে মুছা মিয়ার হেফাজতে রাখা ১ কেজি গাঁজা ও সুজন মিয়ার হেফাজতে থাকা ৩শ গ্রাম গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়। বেলা দুইটায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর কাছে হাজির করলে মাদক বিক্রির সাথে সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছা মিয়াকে ৮ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং সুজন মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।