• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
মিঠামইনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন নিখোঁজের চার দিন পর কটিয়াদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ জলবায়ু জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি ট্রাফিক আইন বাস্তবায়নে এসপি নিজেই নেমেছেন ভূমি সেবায় দুর্নীতি রোধে তৃণমূলে হবে গণশুনানি কাজ বুঝে নিতেই বাজার রক্ষা বাঁধটি ধ্বসে গেছে যুবলীগ নেতার দরপত্র পাওয়ার বিরুদ্ধে অন্য ঠিকাদার আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে ভৈরবে গাঁজাসহ ২ মাদককারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা ভৈরবে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

নিখোঁজের চার দিন পর কটিয়াদীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চার দিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কটিয়াদী পৌর এলাকার রিকশার মোড়ে ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন জিল্লুর রহমান। পাশাপাশি ভোগপাড়া এলাকায় ‘অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস’ তৈরির একটি কারখানাও গড়ে তোলেন তিনি।
স্বজনদের ভাষ্য, প্রতিদিনের মতো গত শুক্রবার সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন জিল্লুর রহমান। দুপুরের দিকে স্ত্রীর সঙ্গে তাঁর সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠা বাড়তে থাকে।
চার দিন পর সোমবার সকালে স্ত্রী ও স্বজনরা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভেতরে প্রবেশ করলে মেঝেতে অর্ধগলিত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
কারখানার দুই নারী কর্মী মদিনা ও শারমিন জানান, বৃহস্পতিবার দুপুরে তারা সর্বশেষ কারখানায় কাজ করেছিলেন। এরপর আর তাদের ডাকা হয়নি। তারা বলেন, “এখানে আরও একজন ড্রাইভার কাজ করতেন। তবে তাঁর পূর্ণ পরিচয় আমরা জানি না। মালামাল এলে আমাদের ফোন দিয়ে ডাকা হতো। এরপর আর কোনো ফোন পাইনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ড্রাইভারের খোঁজও বর্তমানে পাওয়া যাচ্ছে না। এতে ঘটনাটিকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
নিহতের স্ত্রী অন্তরা বলেন, “শুক্রবার সকালে নাস্তা করে তিনি বাসা থেকে বের হন। দুপুরে শেষবার কথা হয়। এরপর থেকে ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি। অনেক খোঁজাখুঁজির পর আজ ব্যবসা প্রতিষ্ঠানে তাঁর মরদেহ পাই।”
চাচাতো ভাই আব্দুল হাশিম বলেন, “আমার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আগে কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *