# নিজস্ব প্রতিবেদক :-
প্রধানমন্ত্রীকে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) জেলা কমিটির পক্ষ থেকে হাওরের সামগ্রিক সুরক্ষামূলক দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে লেখা ২৬ দফা দাবি সংবলিত স্মারকলিপিটি সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা জলবায়ু জোটের সভাপতি মোস্তফা কামাল, প্রকল্প সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, জোটের সহ-সভাপতি আতিয়া হোসেন, সদস্য সাংবাদিক আলম সারোয়ার টিটু, অ্যাডভোকেট শাহীনূর কলি পপি, উজানভাটি সম্পাদক খায়রুল ইসলাম, কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপির দাবিগুলোর মধ্যে রয়েছে, হাওরের আবহাওয়া সংক্রান্ত আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তেলা, জলবায়ু ঝুঁকি বিবেচনায় একটি ফসল ক্যালেন্ডার প্রণয়ন করা, টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও নিয়মিত পরিদর্শন করা, নদী ও খালগুলো খনন করা, হাওরের সর্বত্র টেকসই ডুবো সড়ক নির্মাণ করা, কৃষির যান্ত্রিকীকরণ বৃদ্ধির অংশ হিসেবে হার্ভেস্টার সংখ্যা বৃদ্ধি করা, ফসল কাটার মৌসুমে শ্রমিক সঙ্কট মোকাবেলায় শ্রমিকদের ডাটাবেজ তৈরি করা, কৃষক কার্ড হালনাগাদ করে প্রকৃত কৃষকদের কার্ড প্রদান করা, কৃষিতে নারীর অংশগ্রহণকে স্বীকৃতি দিয়ে নারী কৃষি কার্ড প্রদান করা, কৃষি কমিটিসহ স্থানীয় কৃষি পরিকল্পনা কাঠামোয় ৩০ ভাগ নারী প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা, ধান সংগ্রহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করা, হাওরে পর্যাপ্ত ধানের গুদাম নির্মাণ করা, জলবায়ুজনিত অভ্যন্তরীণ অভিবাসন ঠেকাতে স্থানীয় পর্যায়ে কমসংস্থান নিশ্চিত করা, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ হাওরের ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করা ইত্যাদি।
অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত জানিয়েছেন, স্মারকলিপিটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।