# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের মধ্যে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। ধান ও অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ, কম ঝুঁকি এবং বাজারে ভালো দামের কারণে অনেক চাষি এখন ভুট্টার আবাদে ঝুঁকছেন। তবে লাভজনক হলেও ধান আবাদের জমিতে ভুট্টা আবাদে কৃষকদের নিরুৎসাহিত করছেন স্থানীয় কৃষি বিভাগ।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, ভুট্টা চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও ফলন ভালো হয়। এছাড়া পোল্ট্রি ও ফিড শিল্পে ভুট্টার চাহিদা বাড়ায় কৃষকরা সহজেই বিক্রি করতে পারছেন। ফলে চলতি মৌসুমে পাকুন্দিয়ায় ব্যাপক হারে ভুট্টার আবাদ হয়েছে। তবে ভুট্টা যেহেতু ধান-চালের বিকল্প না সেহেতু ধান আবাদের জমিতে যাতে কৃষকেরা ভুট্টা না করেন সেজন্য কৃষকদের অনুসৎসাহিত করা হচ্ছে। উপজেলার চরফরাদী, চরআলগী, দক্ষিণ চরটেকী, চরকাওনা মুনিয়ারীকান্দা, নারিকেলতলার চর, মির্জাপুরসহ উপজেলার সব এলাকাতেই কমবেশি ভুট্টার আবাদ হয়েছে।
চাষিদের দাবি, সঠিক সময়ে সার ও সেচ সুবিধা পেলে ভুট্টা চাষ আরও সম্প্রসারণ করা সম্ভব। অনেক কৃষক জানান, এক বিঘা জমিতে ভুট্টা চাষ করে ধানের তুলনায় কয়েকগুণ বেশি লাভ পাওয়া যাচ্ছে। তবে যেসব জমি বিশেষ করে নিচু জমি যেখানে জলাবদ্ধতা তৈরি হয় সেসব জমিতেই ভুট্টার আবাদ করছেন বলে তারা জানান।
অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্নত জাতের বীজ ব্যবহার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করায় উৎপাদনও বেড়েছে। কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে, যাতে তারা আরও লাভবান হতে পারেন। উপজেলায় এবছর ৫৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩০ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বর্তমানে ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতি এককানি জমিতে ৩০-৩৫ মণ ভুট্টার ফলন হয়েছে। প্রতিমণ ভুট্টা বাজারে এক হাজার থেকে ১০৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দক্ষিণ চরটেকী গ্রামের ভুট্টা চাষি মুর্শিদ মিয়া বলেন, এবছর আমি চার কানি জমিতে ভুট্টা করেছি। এতে আমার সবমিলিয়ে খরচ হয়েছে কানি প্রতি ১০-১১ হাজার টাকা। যে ফলন এসেছে তাতে খরচ মিটিয়ে কয়েকগুণ লাভবান হবো বলে আশা করছি।
একই গ্রামের ফরিদ মিয়া জানান, ভুট্টা আবাদে তেমন খরচ হয়না। চর এলাকার মানুষ অনাবাদি, পতিত জমিতে ভুট্টা চাষে লাভবান হচ্ছেন। এজন্য দিনদিন এখানে ভুট্টার আবাদ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম বলেন, ভুট্টা চাষে খরচ কম হয়। লাভজনক হওয়ায় কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকছেন। তবে ভুট্টা তো আমাদের প্রধান খাবার না। ধানি জমিতে ভুট্টা আবাদে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। পতিত জমি যেসব জমিতে ধান করা হয়না সেসব জমিতে ভুট্টা করা যেতে পারে।