মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মানবপাচার মামলায় নারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ২১ মে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০ মে দিবাগত রাত ৩টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া এলাকা থেকে শিরিনা বেগম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। শিরিনা বেগম গজারিয়া নামা পাড়া এলাকার আসাদ মিয়ার স্ত্রী। অপরদিকে রাত ৪টায় পৌর শহরের কমলপুর এলাকা থেকে মোস্তাকিম বিজয় (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার সাজিদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব শহর ফাঁড়ির এসআই নূরুল হুদা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে কুদ্দুস মিয়া নামের এক ব্যক্তি ৭ জনকে আসামি করে ভৈরব থানায় একটি মানবপাচার মামলা করে। এর আগে আগস্ট মাসে কুদ্দুস মিয়ার ছেলে রনি মিয়াকে ইউরোপের দেশ ইতালিতে নেয়ার কথা বলে ১৭ লক্ষ টাকা নেয় দালালচক্র। পরে তাকে লিবিয়া নেয়া হলেও আর ইতালিতে নেয়া হয়নি। অপর দিকে ভবানীপুর এলাকার আলাল মিয়া ও তাঁর ছেলে তরিকুল ইসলামকে লিবিয়া দিয়ে ইতালির পাঠানোর জন্য দেড় বছর আগে শিরিনা বেগমসহ তাঁর পরিবারের কাছে ৯ লক্ষ টাকা দেয়। পরে তাঁর ছেলেকে লিবিয়া নিয়ে গেলেও আর ইতালিতে নেয়নি দালাল চক্র। এ ঘটনায় ভুক্তভোগী আলাল মিয়া শিরিনা বেগমসহ ৪ জনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে থানা চত্বরে গ্রেপ্তার হওয়া শিরিনা বেগম ও মুস্তাকিম ওরফে বিজয় নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ভুক্তভোগী পরিবারের সাথে আমাদের আপোষ মীমাংসা হয়েছে। মামলা নিষ্পত্তি না করার কারণে আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা নূরুল হুদা বলেন, আদালতের নির্দেশে ভৈরব থানায় মামলাটি নেয়া হয়েছিল। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত মামলার সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে একজন নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজনই মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।