# সাখাওয়াত হোসেন হৃদয় :-
দেশের চামড়া শিল্পের গুণগত মান রক্ষা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে ‘সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মে রোববার সকাল ১০টায় সিলেট দক্ষিণ সুরমার টার্মিনাল রোডের হোটেল ফেমাসে এই কর্মশালার আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) যৌথভাবে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাঠ পর্যায়ে চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে পেশাদারিত্ব নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মশালায় উপস্থিত স্থানীয় মাংস ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার ইমাম এবং সংশ্লিষ্ট কর্মীদের বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়ানো, লবণ দিয়ে সংরক্ষণ এবং পরিবহনের সময় ঘর্ষণজনিত ক্ষতি এড়ানোর কৌশলগুলো হাতে-কলমে আলোচনা করা হয়।
সিলেট চামড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. শাহিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফএলএলএফইএ’র কার্যনিবাহী কমিটির সদস্য ও সারোয়ার লেদার কর্পোরেশন লিমিটেট এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের এলএসবিপিসি রিসোর্স পারসন মো. সামাউল আলম প্রমুখ।