কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সে তিন মাসের ব্যবধানে এবার পাওয়া গেল ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। প্রতি তিন মাস অন্তর মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বাধীন কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে মসজিদের ৮টি দান বাক্স খোলা হয়। এর আগে গত ২ জুলাই পাওয়া গিয়েছিল ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকার পাশাপাশি বিদেশি মুদ্র এবং সোনা-রূপার অলংকার।
আজ শনিবার (১ অক্টোবর) ৮টি দানবাক্স খুলে পাওয়া যায় ১৫ বস্তা দেশীয় ও বিদেশি মুদ্রা। এরপর মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসার ছাত্র-শিক্ষক মিলে এসব টাকা মুদ্রামান অনুসারে পৃথক করেন। পরে টাকা গণনার মেশিনে এসব টাকা গণনা করে মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়। সকাল ৯টার দিকে দান বাক্সগুলো খুলে গণনা শেষ করতে সন্ধ্যা ৬টা বেজে যায়। এবার পাওয়া যায় এযাবত কালের সর্বোচ্চ দান। প্রতিবারের মত এবারও দেশীয় মুদ্রার পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলংকারও দান হিসেবে পাওয়া যায়। মসজিদ কমিটির কর্মকর্তা শওকত উদ্দিন সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন। দেশের নানা প্রান্তের নানা ধর্মের মানুষ তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় এখানে দান করে থাকেন।