# মিলাদ হোসেন অপু :-
পঞ্চমবার মনোনয়নে বাজিমাত করেছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত এমপি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তিনি। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনটি দীর্ঘদিন ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দখলে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভৈরবের বড় ধরণের তেমন কোন দৃশ্যমান উন্নয়ন কাজ হয়নি। তবে গ্রামাঞ্চলে কয়েকটি রাস্তা-ঘাট ও বিসিক শিল্প নগরীটি নির্মাণ করা হয়েছে। এদিকে শহর থেকে গ্রামে উন্নয়ন করতে নির্বাচনের পূর্বমুহূর্তে ভৈরব-কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় পৌনে পাঁচশ পথসভা ও উঠান বৈঠকে নানাবিধ প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ী প্রার্থী মো. শরীফুল আলম। সেগুলো বাস্তবায়ন করতে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে তাকে। আশানুরূপ বিজয় শুধু তিনিই পাননি সারাদেশে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।
আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তৈরি পঁচা সাবানের খ্যাতি এক সময় ছিল দেশজুড়ে। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া এর ছেলে মো. শরীফুল আলম। শিল্পপতি মো. শরীফুল আলম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পঞ্চমবারের মতো। অতীতে তাঁর বিরুদ্ধে জয়ী প্রার্থীরা ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও তাঁর ছেলে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পরিবার ভৈরব-কুলিয়ারচর আসনটিকে তাদের দখলে রেখেছিল। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মো. শরীফুল আলম বারবার হয়েছেন অপদস্থ ও হামলার শিকার। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে মো. শরীফুল আলমের জন্য জয়ের রাস্তা খুললেও এ আসনের মোট প্রার্থী ছিলেন ৯ জন। তাদের মধ্যে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন ছিলেন প্রথম প্রতিদ্বন্দ্বী। শেষ সময়ে যদিও বিপুল ভোটে হেরেছেন রিকশা মার্কা নিয়ে নির্বাচন করা আতাউল্লাহ আমীন। এদিকে বাকী ৭ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ব্যবধান হিসেবে দেশ সেরা বিজয়ী হয়েছেন মো. শরীফুল আলম। ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৭৯৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ভোট পেয়েছিলেন ৪২ হাজার ৯৮০ ভোট। এই নির্বাচনে মো. শরীফুল আলম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪২ হাজার ৮১৫ ভোট বেশি পেয়ে বিজয় অর্জন করেন।
তাঁর পিতা আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের জন্য আমৃত্যু দান করে গেছেন। স্কুল-কলেজ, ধর্মীয় ও নানা প্রতিষ্ঠানে করেছেন নজিরবিহীন সহায়তা। দরিদ্রদের চিকিৎসা, বিয়ে-আচার অনুষ্ঠানের জন্য সবসময় তিনি সাহায্যের হাত বাড়াতেন। এলাকায় জনশ্রুতি রয়েছে, তাঁর কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না। ২০১৮ সালে মারা যান আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া।
পরিবারে ৫ ভাই ও তিন বোন রয়েছে মো. শরীফুল আলমের। তিনি পরিবারে তৃতীয় সন্তান হলে ভাইদের মধ্যে বড় ও পরিবারে দায়িত্বভার তাঁর কাঁধে। এদিকে দাম্পত্য জীবনে তাঁর স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। মো. শরীফুল আলম উপজেলার কুলিয়ারচর পৌর শহরের বেতিয়ারকান্দি এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৫ সালে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মো. ছিদ্দিক মিয়া একজন বিশিষ্ট ব্যবসায়ী ও মাতা রাশেদা বেগম একজন আদর্শগৃহিনী। বাবার মৃত্যুর পর মো. শরীফুল আলমের কাছ থেকেও কেউ খালি হাতে ফেরেনি। মো. শরীফুল আলম ঢাকার দনিয়া এ. কে. স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষা জীবন শুরু করেন।
দীর্ঘ ৩৫ বছর রাজনীতি করলেও তাঁর দলমত নির্বিশেষে সবার প্রতি ছিল সহানুভূতিশীল ও সহমর্মিতা। যে কোন প্রয়োজনে তাকে কাছে পেতেন সর্বস্তরের মানুষ। বাবার পথ ধরেই মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে মো. শরীফুল আলমের প্রতিশ্রুতির মধ্যে ছিল কুলিয়ারচর নিজ উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজানো। সেই সাথে ভৈরবের বড় কাজ হিসেবে ভৈরবের জগন্নাথপুর হয়ে ভৈরব বাজার, ছায়তনতলা আগানগর হয়ে মেন্দিপুর পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণ করা। ভৈরবের মাত্র ১০০ শয্যা হাসপাতাল ও ২০ শয্যা ট্রমা হাসপাতালকে পরিপূর্ণ চিকিৎসা সেবার উপযোগী করে গড়ে তোলা। ভৈরবে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানানো। ভৈরবকে মাদকমুক্ত ও ছিনতাই মুক্ত করে গড়ে তোলা। যুবসমাজের জন্য কাজের ব্যবস্থা করা। ভৈরবকে একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা। ভৈরবে একটি নান্দনিক পার্ক গড়ে তোলা। ভৈরবের নামমাত্র স্টেডিয়ামকে জাতীয় মানের স্টেডিয়ামে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ভৈরব-কুলিয়ারচর শহর গ্রামে উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন মানকে উন্নয়ন করা মূল লক্ষ্য হিসেবে দেখছেন মো. শরীফুল আলম।
স্বাধীনতার পর কুলিয়ারচরবাসী প্রথমবার এমপি হিসেবে পেয়েছেন মো. শরীফুল আলমকে। তাঁর নিরঙ্কুশ বিজয়ে কুলিয়ারচরবাসী যেমন গর্বিত, তেমনি ভৈরব উপজেলাবাসীর মধ্যেও বিরাজ করছে আনন্দের আমেজ।
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ বলেন, মো. শরীফুল আলম দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বিপুল ভোটে জয়ী হওয়ার পর আমরা ব্যবসায়ীরা অনেক আশাবাদী ভৈরব-কুলিয়ারচরে নয় সারাদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করার ক্ষমতা শরীফুল আলমের রয়েছে। বন্দর নগরী ভৈরব নিয়ে শরীফুল আলম অনেক স্বপ্ন দেখেছেন। ভৈরবের ব্যবসা বাণিজ্য নিয়ে নির্বাচনের আগে থেকেই আমরা ব্যবসায়ীক নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা ও সকল প্রতিকূলতা মুহূর্তে কাছে থেকেছেন। চেষ্টা করেছেন ভৈরব নিয়ে কিছু করা যায় কি না। নবগঠিত সরকার মো. শরীফুল আলমকে যদি মন্ত্রী পরিষদে শিল্প মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ে যে কোন একটি রাখা হয় দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে আমূল পরিবর্তন হবে। এমনকি আমরা ভৈরব-কুলিয়ারচরবাসী ব্যবসা বাণিজ্যে সুফল পাবো।
মো. শরীফুল আলমের বিজয়ের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আমরা মানুষের ভালবাসার প্রতিফলন দেখেছি ভোটের মাধ্যমে। মো. শরীফুল আলম শুধু নেতা ও কর্মীবান্ধব নয়। তিনি জনবান্ধব। দলমত নির্বিশেষে মানুষ তাকে ভালবাসে। তিনিও ভৈরব-কুলিয়ারচরের মানুষের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন। ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নের পাশাপাশি সর্বস্তরের মানুষের জীবনমানের লক্ষ্যে কাজ করে যাবেন।
ভৈরব-কুলিয়ারচর ও নির্বাচন পরবর্তী বিজয় নিয়ে মো. শরীফুল আলম বলেন, আমি এমপি হয়েছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। আমার ভৈরব-কুলিয়ারচরের মানুষ ভালবেসে আমাকে ভোট দিয়েছে। আমি ৩৫ বছর ভৈরব-কুলিয়ারচরের মানুষকে ছেড়ে যায়নি। আমাকে তারা ছেড়ে যায়নি। বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি রাজনীতি করে নিতে আসিনি দিতে এসেছি। আমার কোন চাওয়া পাওয়া নেই।
ইনশাল্লাহ মানুষ যে ভূমিধস বিজয় দিয়েছে আমরা অনেক আনন্দিত। পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ রয়েছে। বিএনপির চেয়ারম্যান মহোদয় বলেছেন আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন, ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম করা। আমার বিশ্বাস পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান ৩১ দফাসহ নির্বাচনী ইশতেহার দিয়েছেন আমরা সেটাকে ধারণ করে জনগণের প্রত্যাশা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা বিশ্বাস করি প্রতিটি চ্যালেঞ্জ যেমন অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি মোকাবেলাসহ সবকিছু নিয়ে আমরা কাজ করবো। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলে আমরা ভাল করবো। আমরা যদি বেঁচে থাকি জনগণের প্রত্যাশাকে সম্মান দিবো।