জুলুম শব্দটি আরবী। এর শাব্দিক অর্থ হলো- অন্যায় করা, অধিকার নষ্ট করা বা কোন কিছুকে তাঁর সঠিক স্থান থেকে সরিয়ে দেওয়া। আর ইসলামের আলোকে জুলুম হলো আইনের সীমা বা হক অতিক্রম করে কিংবা আল্লাহ তায়ালার বিধান বা অধিকারের বাইরে কোন কিছু করা। যেমন- শিরক করা, আল্লাহর প্রতি মিথ্যারোপ করা, কোন হারাম বা পাপ কাজে জড়ানো, নিজের জীবনকে অন্যায়ভাবে ধ্বংস করা, কোনভাবে কারো সম্মান নষ্ট করা, কারো সম্পদ অন্যায়ভাবে দখলে নেওয়া, পরিবার, স্ত্রী-সন্তান বা কর্মচারীর প্রতি কোন ধরনের অন্যায় করা। কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি সবই জুলুমের অন্তর্ভূক্ত।
আল্লাহ তায়ালা বলেন, আল্লাহর সাথে শিরক করো না; নিশ্চয় শিরক হল বড় জুলুম। (সূরা লুকমান: ১৩)
তাঁর চেয়ে অধিক যালিম কে, যে না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়? নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত করেন না। (সূরা আনআম: ১৪৪)
আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নিসা: ১১০)
আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ (সা.) বলেছেন, যে ব্যক্তি তাঁর ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তাঁর কোন দীনার বা দিরহাম থাকবে না। সে দিন তাঁর কোন সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তাঁর নিকট থেকে নেয়া হবে আর তাঁর কোন সৎকর্ম না থাকলে তাঁর প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তাঁর উপর চাপিয়ে দেয়া হবে। (বুখারী: ২৪৪৯)
কুরআনের উল্লেখিত আয়াতসমূহ ও রাসূল (সা.) এর পবিত্র হাদীসের মাধ্যমে বুঝা যায় যে, জুলুম বিভিন্ন রকমের হতে পারে। আর সকল রকমের জুলুমই হারাম। কেননা হাদীসে কুদসীতে এসেছে, আবু যর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) ইরশাদ করেন, আল্লাহ তা‘আলা বলেছেন, ওহে আমার বান্দারা! আমি আমার নিজ সত্তার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। অতএব তোমরা একে অপরের উপর অত্যাচার করো না। (মুসলিম: ৬৪৬৬)
জুলুমের পরিণতি: জুলুম মারাত্মক একটি অপরাধ। এর শাস্তি অবধারিত। জালেমের শাস্তি ইহকাল ও পরকাল উভয় জগতেই হয়ে থাকে। এই মর্মে অনেক আয়াত ও হাদীস এসেছে। যেমন- আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই যারা কুফরী করেছে এবং যুলম করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোন পথ দেখাবেন না। জাহান্নামের পথ ছাড়া। তারা তাতে স্থায়ী হবে এবং তা আল্লাহর জন্য সহজ। (সূরা নিসা: ১৬৮-১৬৯)
আর যালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না, আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন, ঐ দিন পর্যন্ত যে দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। (সূরা ইবরাহীম: ৪২)
নিশ্চয় আমি যালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি, যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। যদি তারা পানি চায়, তবে তাদেরকে দেয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মত, যা চেহারাগুলো ঝলসে দেবে। কী নিকৃষ্ট পানীয়! আর কী মন্দ বিশ্রামস্থল! (সূরা কাহফ: ২৯)
আবূ মূসা আশ‘আরী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তা‘আলা যালিমদের ঢিল দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে ধরেন, তখন আর ছাড়েন না। (বর্ণনাকারী বলেন) এরপর তিনি [নবী (সা.)] এ আয়াত পাঠ করেন “আর এরকমই বটে আপনার রবের পাকড়াও, যখন তিনি কোন জনপদবাসীকে পাকড়াও করেন তাদের জুলুমের দরুন। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন”। (বুখারী: ৪৬৮৬)
আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সা.) বলেন, তোমরা কি বলতে পার অভাবী লোক কে? তারা বললেন, আমাদের মাঝে যার দিরহাম (টাকা কড়ি) ও ধন-সম্পদ নেই সে তো অভাবী লোক। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও যাকাত নিয়ে আসবে; অথচ সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে। এরপর সে ব্যক্তিকে তার নেক ‘আমাল থেকে দেয়া হবে, অমুককে নেক ‘আমাল থেকে দেয়া হবে। এরপর যদি পাওনাদারের হাক্ব তাঁর নেক ‘আমল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম: ৬৪৭৩)
সা’ঈদ ইবনু যায়দ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সা.)-কে বলতে শুনেছি যে ব্যক্তি জোরপূর্বক এক বিগত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন তাকে সাত স্তর জমির বেড়ি পরিয়ে দেয়া হবে। (মুসলিম: ৪০২৭)
পরিশেষে বলা যায় যে, জুলুম এমন একটি গর্হিত কাজ, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে অশান্তির মূল কারণ। পরকালে জাহান্নামের শাস্তির সম্মুখীন হওয়ার অন্যতম মাধ্যম। আল্লাহ তায়ালার হক নষ্ট হওয়ার, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার এবং ন্যায় বিচারের মানদন্ড ভেঙ্গে পড়ার নিকৃষ্ট উপায়। এই কারণেই ইসলাম সকল ধরনের জুলুমকে হারাম ঘোষণা করেছে। ন্যায়, করুণা ও দায়িত্ববোধকে প্রতিষ্ঠা করে জুলুম থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছে। কাজেই আমাদের সকলেরই উচিত সব ধরনের জুলুম থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে জালেম হওয়া থেকে হেফাজতে রাখুন। আমীন
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল- শেফা জেনারেল হাসপাতাল (প্রাঃ), কমলপুর, ভৈরব।