মোটরসাইকেলে করে মাদক পাচারকালে ভৈরবে ১১০ বোতল ফেন্সিডিলসহ ৪ ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১৩ ফেব্রুয়ারি রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা সংলগ্ন নাটাল মোড় থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ১৩ ফেব্রুয়ারি রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নাটাল মোড়ে অভিযান চালিয়ে ঢাকা অভিমুখি দুটি মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় মোটরসাইকেল দুটিতে তল্লাশী করে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় মোটর সাইকেলের ৪ আরোহী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান (২৭), নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের গুলজার আলীর ছেলে আজিজুল (৩৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজুবাজ গ্রামের হান্নান ভূঁইয়ার ছেলে সজিব ভূঁইয়া (৩২) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহেড়াপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৩০) কে।
জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহার করা ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।