# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| পাশাপাশি দুদিনের টানা বৃষ্টিতে শত শত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে| এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষকরা| পানিতে ডুবে থাকা ধান দ্রুত কাটতে গিয়ে একদিকে বাড়তি মজুরি গুণতে হচ্ছে, অন্যদিকে বাজারে ধানের দাম কম থাকায় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা|
জানা যায়, ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়| ঝড়ের তীব্রতায় গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয় এবং মঙ্গলবার ও বুধবারের টানা দুদিনের বৃষ্টিতে মাঠের পাকা ও আধাপাকা ধানসহ বিভিন্ন ফসল পানির নীচে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়|
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, দুদিনের টানা বৃষ্টির কারণে নিচু এলাকার বিস্তীর্ণ জমি জলমগ্ন হয়ে পড়েছে| পানির উচ্চতা বাড়ার আশঙ্কায় অনেক কৃষক আধাপাকা ধান দ্রুত কেটে ফেলার চেষ্টা করছেন| তবে এই সময়ে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট| সুযোগ বুঝে শ্রমিকরা ¯^াভাবিকের তুলনায় অনেক বেশি মজুরি দাবি করছেন| বর্তমানে একজন শ্রমিককে ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে, যা সাধারণ সময়ের প্রায় দ্বিগুণ|
ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমির ধান কাটতে যে খরচ হচ্ছে, তা বর্তমান বাজারদরে বিক্রি করেও উঠানো সম্ভব হবে না| ফলে উৎপাদন খরচই তুলতে পারনে না অনেকেই|
দুর্দশার কথা তুলে ধরে এক কৃষক বলেন, ধার করে চাষ করছিলাম| এখন ধান পানির নিচে| বেশি টাকায় শ্রমিক এনে ধান কাটতে হচ্ছে, কিন্তু বাজারে দামের অবস্থা খারাপ| কীভাবে চলবো বুঝতে পারছি না|
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে কুলিয়ারচরের কৃষি খাতে বড় ধরনের ধাক্কা আসতে পারে| ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা প্রদান এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা|
বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এলাকার কৃষকদের| তারা দ্রুত কৃষি বিভাগের নজরদারি ও সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন|