দৈনিক পূর্বকণ্ঠ কিশোরগঞ্জ জেলা ভিত্তিক স্থানীয় পত্রিকাগুলোর মধ্যে একটি প্রচার বহুল পত্রিকা। এটি জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বন্দরনগরী ভৈরব থেকে প্রকাশিত হলেও জেলাব্যাপী বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে পত্রিকার মান ও স্বক্রীয়তা বজায় রেখে পাঁচ বছর অতিক্রম করে ৭ নভেম্বর ২০২১ তারিখ ৬ বছরে পদার্পণ করছে। পত্রিকাটির প্রকাশনা কর্তৃপক্ষের দায়িত্বশীলতা এটিকে আরো মান উন্নীত করবে এর ৬ বছরে পদার্পনে এই প্রত্যাশা করি। বলা হয়ে থাকে-গণমাধ্যম সমাজের দর্পণ স্বরূপ। দর্পণের সামনে দাঁড়ালে মানুষ যেমন প্রতিবিম্বের মাধ্যমে নিজের শারীরিক মানসিক অবয়বের চিত্রটা দেখতে পায়। তেমনি করে একটি পত্রিকা যে সমাজ বা শহর থেকে প্রকাশিত হয়। এর মাধ্যমে সেই সমাজ বা শহরের ভালো মন্দের চিত্রটা অনেকাংশেই দেখতে পাওয়া যায়। দৈনিক পূর্বকণ্ঠসহ আমাদের ভৈরব তথা কিশোরগঞ্জ অঞ্চল থেকে যেসব পত্রিকাগুলো প্রকাশিত হয়। এসব পত্রিকাগুলোর মাধ্যমে অত্র অঞ্চলের একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেরও মানুষের জীবন চিত্রের নানা খবরাখবর জানতে পারা যায়। এই অঞ্চলে বসবাসকারি মানুষদের নিজের অঞ্চলের নানা ঘটনা সম্পর্কে সংবাদ প্রকাশ করে প্রতিনিয়ত অবহিত করানোর জন্য এই অঞ্চলের মানুষ হয়ে স্থানীয় পত্রিকার একজন পাঠক হিসেবে পূর্বকণ্ঠের উত্তরোত্তর সাফল্যে ও শুভকামনা করি।
ছোট পরিসরের এই পত্রিকাটির মাধ্যমে যেসব বিষয়াদি জানতে পারি। তাই নিয়ে আত্মতুষ্ট হলেও চোখে পড়ার মতো আরো কিছু স্থানীয় বিষয় দৃষ্টির আড়ালে থেকে যায়। যা আমাদের তথা নতুন প্রজন্মের জন্য জানাবুঝার বিষয়। স্থানীয় বা আঞ্চলিক সাহিত্য সংস্কৃতি, কোন ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক বা বরণ্যে ব্যক্তিত্ব, উদীয়মান কোন ব্যক্তি, কবি সাহিত্যিক শিল্পি; ৩০ সেকেণ্ডে হাতে ৫০টি পেন্সিল রেখে গিনেজ বুকে নাম লিখিয়েছেন ভৈরবের মনিরুল। তার মতো স্বপ্ন দেখার চিন্তাশীল তরুন যুবক। এসব মানুষদের চিন্তাভাবনা এবং সৃজনশীলতার দ্বারা এবং তাদের জ্ঞানের আলোর বিকিরণে একটি সমাজ তথা অঞ্চল আলোকিত হয়ে থাকে। তাদের কথাগুলো সচরাচর তেমন করে উঠে আসে না।
গত ২৫ অক্টোবর ২০২১ সোমবার ভৈরব উপজেলা অডিটরিয়ামে এনটিবি দর্শক ফোরাম, ভৈরব কর্তৃক অনুষ্ঠিত হয়েছে গুণিজন সংবর্ধনা। উক্ত অনুষ্ঠানে ভৈরবের কৃতি সন্তান (১) অধ্যক্ষ আব্দুল বাসেত (২) সাংবাদিক বশির আহমেদ (৩) সাহিত্যিক সাংবাদিক মুহম্মদ শহীদুল্লাহ (৪) লেখক ও শিক্ষক মো. শরীফ হোসেন এবং (৫) অধ্যাপক মো. শহীদুল্লাহ। এই পাঁচজন বরণ্য ব্যক্তি নিজের পারিবারিক ও পেশাগত কাজের বাইরে সময়, শ্রম ও মেধা ব্যয় করে সমাজের কল্যাণ তথা সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করেছেন। তাদের এসব কাজ আমাদের ভৈরব তথা আশপাশের অঞ্চলকে সৌন্দর্যমণ্ডিত ও গৌরবান্বিত করেছে। এসব কৃতিত্বপূর্ণ কাজের জন্য এই পাঁচজন বরণ্য ব্যক্তিকে এনটিবি দর্শক ফোরাম, ভৈরব আয়োজন করে সংবর্ধিত করেছেন।
একই অনুষ্ঠানে আর একজন গুণি মানুষ। যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। তিনি প্রত্মতত্ত্ববিদ মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। সারাজীবন বিনা পারিশ্রমিকে প্রত্মতত্ত্ব গবেষণা করে, আজ খ্যাতিমান ব্যক্তিত্বের পর্যায়ে উঠে এসেছেন। তিনিও হয়তো একদিন স্থানীয়ভাবে বরণ্যে ব্যক্তিই ছিলেন। এখন জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার মতো এমন ধরনের মহৎ চিন্তার অধিকারি মানুষতো স্থানীয় পর্যায়ে থাকতেই পারে। যাদেরকে অনেকেই জানে না। স্থানীয়ভাবে এমন ধরনের প্রতিভাধর মানুষদেরকে জনসমক্ষে তোলে আনার জন্য স্থানীয় পত্রিকাগুলো ভূমিকা রাখতে পারে।
এনটিভি দর্শক ফোরাম, ভৈরব একটি শক্তিশালী গণমাধ্যম এনটিভি কর্তৃক পরিচালিত একটি সংগঠন । এটির শক্তি, সামর্থ্য, জনবল ও অর্থনৈতিক সামর্থ্য অধিক। তাই এত বড় পরিসরে জাকজমক পূর্ণ ও ব্যয়বহুল একটি অনুষ্ঠান করতে পেরেছে। স্থানীয় পত্রিকা-বিশেষ করে দৈনিক পূর্বকণ্ঠ সার্বিকভাবে এতটা সামর্থ্যবান নয়। একথা আমরা জানি। তারপরও এটির কার্যক্রম যা দেখতে পাওয়া যায়। চলতি বছরে পত্রিকাটি ৩৫২টি সংখ্যা প্রকাশ করেছে। যদি হিসাব করি তাহলে এর পরিসংখ্যান দাঁড়ায়- প্রতিটি সংখ্যা চার পৃষ্ঠা করেও যদি হয়। এক বছরে পত্রিকাটি (৩৫২৪) বা ১,৪০৪ পৃষ্ঠা পত্রিকা প্রকাশ করেছে। তার থেকে যদি মাসে অতন্ত ২ পৃষ্ঠা করে ১২ মাসে ২৪ পৃষ্ঠায় কোন বরণ্যে ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা বা স্থাপনা, সাহিত্য-সংস্কৃতি কিংবা সমাজ কল্যাণমূলক সংগঠনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম এবং উদীয়মান কোন লেখক কিংবা সংগীত শিল্পী বা অন্যকোন বিষয়ে উদ্ভাবনী চিন্তাশীল তরুণ যুবক বা যেকোন বয়সের মানুষদের ছবি সমেত শুধুমাত্র তাদের কাজের বিবরণীর কথা লিখে প্রকাশ হয়। তাহলেও তাদের সর্ম্পকে নতুন প্রজন্ম অবহিত হবে এবং বরণ্যে ব্যক্তিদের জীবনালেখ্য জেনে নবীনেরা ভালো কাজে উৎসাহিত হবে কিংবা স্থানীয়ভাবে কোন প্রতিভার মানুষের জাতীয়ভাবে একটা পরিচিতও এসে যেতে পারে। যা আমাদের এই ভৈরব অঞ্চলকে গৌরবান্বিত করবে। দৈনিক পূর্বকণ্ঠের ৬ বছরে এই আশা ব্যক্ত করছি। পূর্বকণ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি ভাববেন, এই প্রত্যাশায় পত্রিকাটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
লেখক: প্রাবন্ধিক, কবি, গল্পকার ও ঔপন্যাসিক।