কিশোরগঞ্জে ‘মধুকবি’ অবিধায় ভূষিত মাইকেল মধুসুদন দত্তের জীবনের ঝঞ্ঝাময় অন্তিম সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে একক অভিনয়ের প্রিমিয়ার শো প্রদর্শিত হয়েছে। কিশোরগঞ্জের চর্যাপদ নাট্য সংগঠনের ব্যানারে ‘অন্তিমে মাইকেল মধুসুদন দত্ত’ শিরোনামে প্রায় ৩৫ মিনিটের একক অভিনয়ের নাটকটি নির্মাণ করেছেন সংগঠনটির পরিচালক নাট্যকার আব্দুল ওয়াহাব। তিনি নিজেই তাতে মাইকেলের ভূমিকায় অভিনয় করেছেন। রোববার রাতে জেলা শিল্পকলার মঞ্চে স্বল্প সংখ্যক পর্যবেক্ষক ও দর্শকের উপস্থিতিতে নাটকটির প্রিমিয়ার শো প্রদর্শিত হয়। এরপর সাংস্কৃতিক সংগঠক জিয়াউর রহমানের সঞ্চালনায় নাটকের নানা দিক নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কবি সংঘের সভাপতি বাঁধন রায়, আবৃত্তিকার ও অভিনেতা ম.ম জুয়েল, একতা নাট্যগোষ্ঠীর পরিচালক মানস কর, যাত্রাভিনেতা অমলেন্দু চক্রবর্তী, অভিনেতা শরদিন্দু বিশ্বাস, আশরাফুল হক চঞ্চল প্রমুখ।