# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ভূমি সেবায় দুর্নীতি রোধ করতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করবে প্রশাসন। এতে ভুক্তভোগীরা প্রকাশ্যে দুর্নীতি আর হয়রানির অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন। প্রশাসনও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ১৭ মে রোববার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিংকালে একথা জানিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯ মে থেকে ২১ মে সারা দেশে একযোগে ভূমিসেবা মেলার আয়োজন করা হবে। ১৯ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমি ভবন থেকে এই মেলার উদ্বোধন করবেন। ভূমিসেবা মেলায় নাগরিকদের ভূমিসেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হবে। জনগণ সেই কেন্দ্রে গিয়ে অনলাইনে বিভিন্ন সেবার জন্য নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে পারবেন।
ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম সংক্রান্ত সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে নির্দিষ্ট তারিখ ঘোষণা করে গণশুনানির আয়োজন করা হবে। সেখানে রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মানুষের অভিযোগের কথাগুলো শুনবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ প্রমুখ।