# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জর পাকুন্দিয়ার এক সৌদি প্রবাসী সেখানকার একটি হাসপাতালে অসুখে মারা গেছেন গত ২০ এপ্রিল। সরকারি উদ্যোগে লাশ বাড়ি আসে বৃহস্পতিবার বিকালে। দাফন হয়েছে শুক্রবার বাদ জুমা ১৫ মে। তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। লাশটি স্থানীয় গণঅধিকার পরিষদের এক নেতার উদ্যোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সহায়তায় দেশে আনা হয়েছে। সেই কারণেই স্থানীয় প্রশাসন এ বিষয়ে অবহিত নয় বলে জানা গেছে।
পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল জব্বার নূর মোহাম্মদ (৪০) সৌদি আরবে গিয়েছিলেন ২০০৫ সালে। সেখানে আল জাহারান নামে একটি প্রতিষ্ঠানে শ্রমিকের চাকরি করতেন। তিনি বিবাহিত হলেও কোন সন্তান নেই। নূর মোহাম্মদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
তিনি সৌদিতে অমানুষিক পরিশ্রম করে রোজগার করে মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতেন বলে জানিয়েছেন বাবা আব্দুল বাতেন। কয়েকবার বাড়িতেও এসেছেন। নূর মোহাম্মদ প্রায়ই বলতেন, তিনি টাকাপয়সা রোজগার করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এনে দেশে চলে আসবেন। সবাই মিলে বাকি জীবনটা একসাথে আনন্দে কাটাবেন। কিন্তু গতবছর ১০ আগস্ট নূর মোহাম্মদ অসুস্থ হয়ে পড়লে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ২০ এপ্রিল মারা যান। এরপর সেখানকার হাসপাতালের হিমঘরে মরদেহটি রাখা হয়েছিল। মৃত্যু সংবাদ বাড়িতে আসার পর থেকেই পরিবারে কান্নার রোল পড়ে যায়।
এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানিয়েছেন, জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের বাড়ি একই এলাকায়। তিনিই মূলত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ করিয়ে দেন। এরপর নুরুল হক নুরের একান্ত প্রচেষ্টায় খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে লাশটি বাড়িতে আনা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার লাশ দেশে আসার পর বিকালে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়া হয়। অ্যাম্বুলেন্স দেখেই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। বাবা, মা ও স্ত্রী নুপুর আক্তারসহ স্বজনরা বিলাপ করে কাঁদতে থাকেন। স্ত্রী নুপুর আক্তার বার বার মূর্ছা যাচ্ছিলেন। শুক্রবার জুমা জানাজা শেষে পারিবারিক গোরস্তানে নূর মোহাম্মদের দাফন সম্পন্ন হয়েছে। সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাসকে প্রশ্ন করলে জানান, সৌদিতে মারা যাওয়া, এলাকায় দাফন করার মত এ ধরনের কোন খবর স্থানীয় প্রশাসনের জানা নেই। তাকে কেউ অবহিতও করেনি। তবে গণঅধিকার পরিষদ নেতা আবু হানিফ জানিয়েছেন, মূলত তাদের দলের স্থানীয় নেতা হাসান আহমেদ রমজানের উদ্যোগেই প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ব্যক্তিগত প্রচেষ্টায় লাশটি আনার ব্যবস্থা করা হয়েছে। যে কারণে হয়ত প্রশাসন জানে না।