# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৪ আগস্ট সোমবার শহরের নিউ টাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় এই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা ও র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সের্নীয়াবাতসহ র্যাব ক্যাম্প সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের নিউটাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা প্লাস্টিক মালিক কাইয়ুম মিয়াকে ২০ হাজার টাকা, সিয়াম প্লাস্টিক ফ্যাক্টরি মালিক শাহাবুদ্দিন মিয়াকে ২০ হাজার টাকা ও শেফা প্লাস্টিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৯শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির ১১শ কেজি কাঁচামাল জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার। পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৯শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির ১১শ কেজি কাঁচামাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।