বাল্যবিয়ের প্রকোপ, এর প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা রোধ বিষয়ে কিশোরগঞ্জে বেসরকারী সংস্থা ‘পপি’ মিডিয়া কর্মিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। আজ ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে শহরের বত্রিশ এলাকায় পপির প্রশিক্ষণ কেন্দ্রে এসব বিষয়ে ধারণাপত্র তুলে ধরেন জেলা পপি এবং নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের (একাত্তো) সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম।
মূল ধারণাপত্রে তিনি জানান, জেলার তিন উপজেলা সদর, হোসেনপুর ও পাকুন্দিয়ার ৭টি ইউনিয়নে তাদের ৮ হাজার ৬০০ জন উপকারভোগী বাল্যবিয়ে ও সহিংসতা রোধে কাজ করছেন। তারা কাজ করতে গিয়ে দেখেছেন, গতবছর জুলাই থেকে চলতি সনের মার্চ পর্যন্ত এরা এই ৭ ইউনিয়নের ১৫৭টি বাল্যবিয়ে রোধ করতে সক্ষম হয়েছেন। কিন্তু তাদের বাধা এড়িয়ে ১২২টি বাল্যবিয়ে সম্পন্ন হয়ে গেছে। এর মধ্যে সদর উপজেলার যশোদল ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ২৮টি, আর সম্পন্ন হয়ে গেছে ১৪টি। মারিয়া ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ১০টি, আর সম্পন্ন হয়ে গেছে ১৪টি। বিন্নাটি ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ১৭টি, আর সম্পন্ন হয়ে গেছে ৩২টি। পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ২২টি, আর সম্পন্ন হয়ে গেছে ১৩টি। চণ্ডিপাশা ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ২২টি, আর সম্পন্ন হয়ে গেছে ৯টি। হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ২৬টি, আর সম্পন্ন হয়ে গেছে ৯টি। পুমদী ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ৩২টি, আর সম্পন্ন হয়ে গেছে ৩১টি।
ধারণাপত্রে আরও বলা হয়, গতবছর ২১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ওই তিন উপজেলায় ধর্ষণের ১৩টি মামলা হয়েছে। আর ওই সময়ে জেলায় হয়েছে ৫৮টি মামলা। গতবছর ২১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ওই তিন উপজেলায় নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৫৬টি, আর একই সময়ে জেলায় মামলা হয়েছে ১৯৬টি।
ধারণাপত্রে বাল্যবিয়ের কারণ হিসেবে দেখানো হয়, করোনার কারণে দীর্ঘ সময় মেয়েরা স্কুলের বাইরে ছিল। এই সময়ে অনেকে প্রেমে জড়িয়ে পড়ে। এতে অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে বাল্যবিয়ের ব্যবস্থা করেছেন। এছাড়া করোনার কারণে চাকরি বা ব্যবসা না থাকায় পারিবারিক আয় কমে যাওয়ায় দারিদ্রের কারণে এসব বাল্যবিয়ে হয়েছে। আর ওই সময়টাতে প্রশাসন এবং বেসরকারী সংস্থাগুলোও বিশেষ নজর দিতে পারেনি। যে কারণে অভিভাবকরা ওই সময়টাকে বাল্যবিয়ের জন্য উপযোগী সময় হিসেবে কাজে লাগিয়েছেন। এছাড়া অভিভাবকদের অসচেতনতা, আইন প্রয়োগের অভাব, কিছু অসাধু কাজি জন্ম সনদ যাচাই না করে শুধু এফিডেভিট দেখে বাল্যবিয়ে সম্পন্ন করেছেন।
ধারণাপত্রে সুপারিশ আকারে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ এর বিষয়ে প্রচারণা জোরদার করা ও প্রয়োগে সংশ্লিষ্টদের উৎসাহিত করা। বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ অনুসারে ইউনিয়ন থেকে জেলা, সকল পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন ও সক্রিয় করা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নির্ধারিত শাস্তি কার্যকর করা। এফিডেভিটের মাধ্যমে বাল্যবিয়েতে সহায়তাকারীদের আইনের আওতায় আনা। স্কুল-কলেজে বাল্যবিয়ে ও নারী নির্যাতন রোধে কমিটি গঠন করা। স্কাউটকে বাল্যবিয়ে রোধে সম্পৃক্ত করা। হাইকোর্টের নির্দেশনা অনুসারে সকল সরকারী-বেসরকারী অফিসে বা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর করা। এসব মামলার তদন্তের দীর্ঘসূত্রিতা হ্রাসে আইন দ্বারা নির্ধারিত ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা ইত্যাদি।