• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে

ইটনার বড়িবাড়ির কৃষক সুরুজ মিয়া হাওরের ডুবন্ত ভেজা ধানের আঁটি খলায় এনে স্তুপ করছেন -পূর্বকণ্ঠ

অতিবর্ষণের পর রোদের দেখা
হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক
দিয়ে ধান কাটার ধুম চলছে

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে বোরো ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে পানি জমে থাকায় এখন হার্ভেস্টার চালানো যাচ্ছে না। ফলে শ্রমিক লাগিয়ে ধান কাটার ধুম পড়েছে। বিশেষ করে টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টি আর ঝড়ের পর বৃহস্পতিবার রোদের দেখা মিলেছে। আর এই সুযোগে কৃষকরা মাঠে নেমেছেন অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলার জন্য। স্থানীয় শ্রমিকদের পাশাপাশি পাবনা থেকে আসা বেশ কিছু শ্রমিককেও ধান কাটতে দেখা গেছে। আবার পানিতে তলিয়ে থাকা ধান শুকাতেও দেখা গেছে। বড়দের পাশাপাশি শিশুরাও এখন শ্রম দিচ্ছে। এদিকে জলাবদ্ধতার কারণে হার্ভেস্টার বন্ধ। ডিজেল বিক্রি নেমে এসেছে অর্ধেকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানিয়েছেন, এবার জেলায় এক লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হলেওে ইতোমধ্যে বিভিন্ন হাওরের ছয় হাজার ৭৬৮ হেক্টর জমি তলিয়ে গেছে। এর মধ্যে সর্বাধিক দুই হাজার ৬৫০ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে ইটনার বিভিন্ন হাওরে। বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৫ হাজার কৃষক। তবে ধানের ক্ষতির পরিমাণ কয়েক দিন পর নিরূপন করা যাবে বলে তিনি জানিয়েছে। অবশ্য বুধবার পর্যন্ত ৫৪ ভাগ ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছেন এ প্রশিক্ষণ কর্মকর্তা।

বৃহস্পতিবার ইটনার বড়িবাড়ি ও করিমগঞ্জের সুতারপাড়া হাওরে গিয়ে দেখা গেছে, অনেক কৃষক শ্রমিক লাগিয়ে ধান কাটছেন। কেউ কেউ জমির নিমজ্জিত ধান কেটে খলায় নিয়ে স্তুপ দিচ্ছেন। কেউ মাড়াই কল দিয়ে ধান মাড়াই করছেন। আবার অনেকে খলায় ভেজা ধান শুকাতে দিচ্ছেন। কোন কোন খলায় এখনও পানি জমে থাকতে দেখা গেছে।
বড়িবাড়ি হাওরে গিয়ে দেখা গেছে, পাবনার ভাঙ্গুর উপজেলার শ্রমিকরা হিরা মিয়ার জমির ধান কাটছেন। শ্রমিকদের দলনেতা ফিরোজ মিয়া জানান, তারা ২১ জন শ্রমিক এসেছেন ২০ দিন আগে। প্রতি বছরই আসেন। এরা ধানের বিনিময়ে জমি কাটেন। সবাই মিলে দৈনিক ২০ থেকে ২২ মণ ধান আয় করতে পারেন। তবে এবার বৃষ্টির কারণে কয়েকদিন রোজগার বন্ধ ছিল। এছাড়া বজ্রপাতের ভয় ভীষণভাবে তাদের কাতর করে। আগে শ্রমিক আরও বেশি আসতেন। হার্ভেস্টার আসার পর থেকে শ্রমিক কমে গেছে। একই হাওরে পাঁচজন শ্রমিক নিয়ে ধান কাটছিলেন কামরুল ইসলাম। চার বিঘা জমি আবাদ করেছিলেন। ধান হওয়ার কথা ১০০ মণ। কিন্তু একদিকে অতি বর্ষণে ধানের ক্ষতি হয়েছে, আবার শ্রমিকের মজুরি ১২শ’ টাকা। কিন্তু এখন রোদের কারণে ধান শুকানো যায় না বলে একমণ ধান বিক্রি করা যায় ৭০০ টাকায়। কিভাবে কৃষিকাজ টিকে থাকবে, এই আশঙ্কা কামরুলের।
একই এলাকার কৃষক আব্দুল মোমেনকে দেখা গেছে, হাওরের ধান কেটে খলায় এনে মাড়াইকল দিয়ে মাড়াই করছেন। তিনি জানান, এবার তিনি চার একর জমি আবাদ করেছিলেন। ফলন ভাল হয়েছিল। প্রায় ৩০০ মণ ধান পেতে। প্রায় অর্ধেক জমি কাটা হয়েছে। এখনও পানিতে বাকি অর্ধেক ফসল রয়ে গেছে। আবহাওয়া ভাল থাকলে বাকিগুলো কাটতে পারবেন। কাটতে পারলেও প্রত্যাশামত ধান পাবেন না। বড়িবাড়ি এলাকার কৃষক আব্দুর রশিদকে দেখা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে ভেজা ধান উঁচু খলায় এনে রোদে ছড়িয়ে দিচ্ছেন। তিনি ৮ বিঘা জমি আবাদ করেছিলেন। আবহাওয়া ভাল থাকলে ২০০ মণের ওপরে ধান পেতেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র এক বিঘা জমি কাটতে পেরেছেন। বাদবাকি ধান আবহাওয়ার ওপর ছেড়ে দিয়েছেন।
একই এলাকার কৃষক সুরুজ মিয়াকে দেখা গেছে, নিমজ্জিত জমির ভেজা ধানের আঁটি এনে একটু উঁচু জায়গায় স্তুপ করছেন। তিনি ১২ বিঘা জমি আবাদ করেছিলেন। ধান হবার কথা প্রায় ৩০০ মণ। কিন্তু অর্ধেক জমিই পানিতে রয়ে গেছে। যেগুলো কেটেছেন, সেগুলোতেও ধান তুলনামূলক কম হবে। এছাড়া ভেজা ধানের স্তুপ পড়ে থেকে অনেক ধনে চারা গজিয়ে যাচ্ছে। করিমগঞ্জের সুতারপাড়া হাওরের কৃষক আবুল কালাম জানিয়েছেন, তিনি এবার পাঁচ বিঘা জমি আবাদ করেছিলেন। প্রায় ১৩০ মণ ধান পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু পানিতে সব শেষ করে দিল। অর্ধেক ধানও পাবেন না। বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, সকল জমিই পেকে আছে। কেবল আবহাওয়া অনুকূল পেলে কয়েক দিনের মধ্যে বাদবাকি জমি কৃষকরা কেটে ফেলতে পারবেন।
এবারের মৌসুমে জেলার ১৩ উপজেলায় এক লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে কেবল হাওর এলাকায় আবাদ হয়েছে এক লাখ চার হাজার ৫৮১ হেক্টর জমি। জেলায় এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সাত লাখ ৯৬ হাজার ৬৮৬ মেট্রিক টন। এর মধ্যে কেবল হাওরেই উৎপাদন হবার কথা ছিল চার লাখ ৯৫ হাজার ৮১ টন চাল।
তবে খামার বাড়ি সূত্রে জানা গেছে, কয়েক দিনের বর্ষণে হাওরাঞ্চলে ছয় হাজার ৭৬৮ হেক্টর জমি তলিয়ে গেছে। এর মধ্যে ইটনায় দুই হাজার ৬৫০ হেক্টর, অষ্টগ্রামে ১২শ’ হেক্টর, নিকলীতে ৭৭৯ হেক্টর, মিঠামইনে ৪২৮ হেক্টর, করিমগঞ্জে ২২৫ হেক্টরসহ অন্যান্যা এলাকা মিলে এসব জমি নিমজ্জিত হয়েছে। এসব জমিতে ৩২ হাজার ১৪০ টন ধান হতে পারতো। এত এত জমি নিমজ্জিত হবার কারণে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৫ হাজার কৃষক।
এদিকে হাওরের প্রবেশদ্বার বলে খ্যাত করিমগঞ্জের চামটা নৌবন্দরের জ্বালানি তেলের পরিবেশক হাজী চাঁন মিয়ার সালমা টেডার্সে খোঁজ নিয়ে জানা গেছে, তারা পদ্মা ডিপো থেকে ডিজেল আমদানি করেন। হার্ভেস্টার, মাড়াইকল আর ধান পরিবহনের জন্য এতদিন দৈনিক ১৮ হাজার লিটার ডিজেল বিক্রি হতো। এখন ৯ হাজার লিটার ডিজেল আনলেও সবগুলো বিক্রি হয় না। অতি বর্ষণের কারণে প্রচুর জমি তলিয়ে গেছে। বাদবাকি জমিগুলোতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব জমিতে হার্ভেস্টার চালানো যাচ্ছে না। মাড়াইল কলও পুরোমাত্রায় কাজ করছে না। পরিবহনের অবস্থাও তাই। কৃষকরা যতটুকু পারছেন, শ্রমিক দিয়ে ধান কাটার চেষ্টা করছেন। এসব কারণে এখন ডিজেলের চাহিদা কমে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *