দেড় হাজার ইয়াবাসহ র্যাবের হাতে আটক শহীদ -পূর্বকণ্ঠ
নিকলী থেকে দেড় হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাবের একটি দল আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিকলীর ধারিশ্বর এলাকা থেকে দেড় হাজার ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ কটিয়াদী উপজেলার করগাঁও মামুদপুর গ্রামের মো. মইজউদ্দিনের ছেলে মো. শহীদকে (৩০) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।