# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ মে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত শিশুটি উপজেলার নাগেরগ্রামের আশাদ মিয়ার ছেলে মোহাম্মদ চাঁদ (৩)।
জানা যায়, বুধবার সকালে পরিবারের সদস্যদের কাছেই ছিল শিশু চাঁদ। এক পর্যায়ে সবার অজান্তেই বাড়ির সামনে একটি পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাৎক্ষণিক কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।