# মোস্তফা কামাল :-
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত রিয়াদ রশিদের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. আব্দুর রশিদের একটিই আকুতি, সরকার যেন সন্তানের লাশটি দেশে আনার ব্যবস্থা করে। লাশটি যেন নিজ হাতে দাফন করতে পারেন। ১০ মে রোববার দুপুরে তাদের বাড়িতে গেলে আব্দুর রশিদ কান্নাজড়িত কণ্ঠে এই আকুতির কথা তুলে ধরেন।
অন্যদিকে রিয়াদের ছোটভাই আলফাজ রশিদ পিয়াস জানালেন, গত ২৭ রমজানের দিন ইফতারের সময় রিয়াদ ফোন করে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদানের তথ্যটি পিয়াসকে জানিয়েছিলেন। তবে অন্য কাউকে জানাতে বারণ করেছিলেন। রিয়াদ বলেছিলেন, এক বছর পর যখন তাকে সংবর্ধনা দেওয়া হবে, তখন বাবাকে রাশিয়ায় নিয়ে গিয়ে এই অর্জনটুকু বাবার হাতে তুলে দেবেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি চিরদিনের মত চলে গেলেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জর জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের যুবক রিয়াদ রশিদ (২৮) রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। গত ২ মে তিনি রাশিয়ার সীমান্ত এলাকায় নিহত হলেও পরিবার খবর পায় ৮ মে সন্ধ্যায়। রিয়াদের বাবা আব্দুর রশিদ করিমগঞ্জের জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালের ১২ মে অবসরে গেছেন।
আব্দুর রশিদ বলেন, রিয়াদ খুবই ভাল ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কারও সাথে কখনও কোন মনোমালিন্য হয়নি। তাঁর মৃত্যুতে এলাকার সবাই শোকগ্রস্ত। বাড়িতে প্রচুর মানুষ আসছেন শান্তনা দিতে। রিয়াদ দন্ত চিকিৎসায় ডিপ্লোমা করেছিলেন। পরবর্তীতে নরসিংদীর একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ওয়েল্ডিং শিখে বৈধভাবে ২০২৪ সালের ডিসেম্বর রাশিয়ায় যান। কিন্তু রিয়াদ যে আগের চাকরি ছেড়ে রুশ সেনাবাহিনীতে চাকরি নিয়েছেন, তা বাবা-মা জানতেন না। সর্বশেষ গত ২৮ এপ্রিল বাবাকে ফোন করে রিয়াদ বলেছিলেন, তিনি এক জায়গায় যাচ্ছেন। সেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকবে না। পরে আবার যোগাযোগ করবেন। এর মধ্যে আর কোন খবর না পেয়ে রাশিয়ায় থাকা রিয়াদের বন্ধু নরসিংদীর লিমন দত্তকে ৮ মে সন্ধ্যায় রিয়াদের ছোটভাই পিয়াস ফোন করে ভাইয়ের খবর জানতে চাইলে লিমন বলেন, রিয়াদের আশা ছেড়ে দাও। তাকে আর পাওয়া যাবে না। তখনই জানা যায়, রিয়াদ ২ মে ড্রোন হামলায় মারা গেছেন। এসময় লিমন দত্তকে প্রশ্ন করা হয়, কেন এতদিন খবরটি পরিবারকে জানাননি। উত্তরে তিনি বলেন, কীভাবে বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না।
বাবা আব্দুর রশিদ জানান, ১০ মে রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একজন কর্মকর্তা ফোন করে রিয়াদের পাসপোর্ট নম্বর চেয়েছেন। হোয়াটসঅ্যাপে নম্বর পাঠানো হয়েছে। আব্দুর রশিদ আকুতি জানান, তিনি ছেলের লাশটি ফেরত চান, যেন নিজ হাতে দাফন করতে পারেন। তিনি ক্ষতিপূরণসহ লাশ ফেরত চান।
এদিকে রিয়াদের ছোটভাই পিয়াস জানান, তিনিও একটি কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন। তারও বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। তিনি জানান, রিয়াদ ২০২৪ সালের ৭ ডিসেম্বর রাশিয়ায় যান ওয়েল্ডিংয়ের চাকরি নিয়ে। সেই চাকরিতে ভাল বেতন ছিল। গত রমজানের ২৭ তারিখ ইফতারের সময় রিয়াদ ফোন করেন পিয়াসকে। তখনই জানান তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তখন পিয়াস তাকে বারণ করে বলেন, আমার ভাইয়ের জীবন বিক্রির টাকা আমাদের দরকার নাই। তুমি চলে আস। উত্তরে রিয়াদ বলেন, রাশিয়ার আর্মির যে এত দাম, এখন বুঝতে পারছি। তবে এক বছর পর যখন আমাকে সংবর্ধনা দেওয়া হবে, তখন বাবাকে রাশিয়ায় এনে বাবার হাতে অর্জনটুকু তুলে দেব। মাঝে অনেক দিন কথা হয়নি, নেট পাওয়া যায়নি। তবে গত ২৮ এপ্রিল রিয়াদ ফোন করে পিয়াসকে একটি তালিকা দেন, কারা কত টাকা পাবেন। তিনি টাকা পাঠাবেন, পিয়াস যেন সব পাওনা পরিশোধ করে দেন। কথাগুলো পিয়াসের কাছে একরকম দুঃসংবাদের পূর্বাভাসের মত মনে হয়েছিল। গত শুক্রবার সন্ধ্যায় লিমন দত্তের কাছে জানলেন সেই চরম দুঃসংবাদটি। লিমন দত্ত বলেছেন, রিয়াদ ও রাজবাড়ির আব্দুর রহমানসহ ছয়জনের একটি দল ফ্রন্ট লাইনে গিয়েছিলেন যুদ্ধ করতে। লিমন দত্ত ছিলেন দুই কিলোমিটার দূরে। ড্রোন হামলায় রিয়াদ ও আব্দুর রহমানসহ তিনজন একেবারে ছাঁই হয়ে গেছেন। বাকি তিনজন আহত হয়েছেন। লিমন দত্তেরও পা ভেঙে গেছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এখনও পরিবার এসব ভয়ানক কথা বিশ্বাস করতে পারছেন না। রিয়াদের মা নাসরিন জাহানকে দেখা গেছে, ছেলের শোকে ঘরের খাটে নিথর হয়ে শুয়ে আছেন। পাড়ার বেশ কিছু মহিলা তাকে ঘিরে বসে আছেন আর শান্তনা দেওয়ার চেষ্টা করছেন।
রিয়াদের এক ভাগনে মোবারক হোসেন বলেন, তিনি রিয়াদের চেয়ে দুই বছরের ছোট। তবে বন্ধুর মত ছিলেন। সাত বছর আগে একবার রিয়াদ বলেছিলেন, তিনি এক সময় গণমাধ্যমে হেডলাইন হবেন। মোবারক বলেন, রিয়াদের ভবিষ্যৎ বাণী ফলে গেছে। তবে জীবন দিয়ে তিনি হেডলাইন হয়েছেন। মোবারক আরও বলেন, রিয়াদ এতটাই মিশুক প্রকৃতির মানুষ ছিলেন, মানুষ তাকে ‘হলুদ’ উপাধি দিয়েছিল। কারও সাথে সামান্য মনোমালিন্য হলেও পরক্ষণেই রিয়াদ তাঁর হাতে ধরে ক্ষমা চাইতেন। ফলে কারও সাথেই বিরোধ স্থায়ী হতো না।
রিয়াদদের বাড়িতে দেখা হয় জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েমের সাথে। তিনি জানান, রিয়াদের বাবা আব্দুর রশিদ তাঁরও শিক্ষক ছিলেন। রিয়াদের মৃত্যুর খবর শোনার পর থেকে বাবা খাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফলে চেয়ারম্যান এসেছিলেন আব্দুর রশিদকে খাওয়ানোর জন্য। তিনি অনেকটা জোর করেই খাওয়াতে সক্ষম হয়েছেন। তিনিও রিয়াদের প্রশংসা করে বলেন, এই অঞ্চলে এমন একটি ভাল ছেলে খুঁজে পাওয়া যাবে না।
আব্দুর রশিদের প্রথম স্ত্রী মারা যাবার পর রিয়াদের মা নাসরিন জাহানকে বিয়ে করেন। আগের সংসারে সাহানা আক্তার, মামুনুর রশিদ রুবেল ও রাসেল মাহমুদ নামে তিন সন্তান রয়েছেন। রুবেল ও রাসেল দুবাইতে চাকরি করেন। তবে রুবেল এখন ছুটিতে বাড়িতে আছেন। দ্বিতীয় সংসারে রিয়াদ রশিদ, রিফাত রশিদ ও পিয়াস নামে তিন ছেলে ছিল। রিফাত আরও প্রায় ২০ বছর আগে দুই বছর বয়সে বাড়ির সামনের পুকুরে পড়ে মারা গেছে। পরবর্তীতে দুই সংসারের পাঁচ ভাই-বোন এক মায়ের পেটের সন্তানের মতই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু গত ২ মে ড্রোন হামলায় মারা যান রিয়াদ। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর শরীরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে বলে পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। তবে তারা তা বিশ্বাস করতে পারছেন না।