কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পাড় দখল করে স্থাপনা নির্মাণে প্রশাসন বাধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে বাধা উপেক্ষা করে আবার স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এবার প্রশাসন পুলিশ আর শ্রমিক নিয়ে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছে।
মানবাধিকার ও পরিবেশ বিষয়ক একটি সাংবাদিক সংগঠনের নেতা পরিচয়ে মো. বিল্লাল হোসেন ভূঁইয়া নামে পার্শ্ববর্তী গাইটাল এলাকার এক ব্যক্তি ২০ ডিসেম্বর সকালে পাগলা মসজিদের পূর্ব পাশে নরসুন্দা নদীর পাড়ে রাজমিস্ত্রী লাগিয়ে একটি পাকা ঘরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন। তখন দৈনিক পূর্বকণ্ঠে সচিত্র প্রতিবেদনও ছাপা হয়েছিল। পরবর্তীতে ফাঁকে ফাঁকে আবার নির্মাণ কাজ করা হচ্ছিল। ফলে আজ ১৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী পুলিশ আর শ্রমিক নিয়ে গিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়েছেন। এর সঙ্গে নরসুন্দার পাড়ে অবৈধভাবে নির্মিত আরও তিনটি টিনের ঘর গুড়িয়ে দিয়েছেন।

মুরগির অবৈধ খামার ভাঙা হচ্ছে -পূর্বকণ্ঠ
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নূরুজ্জামান জানিয়েছেন, নদীর পাড়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল বলে সেগুলি গুড়িয়ে দেয়া হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানিয়েছেন, নদীর দক্ষিণ পাড়ের একটি জায়গার ওপর মামলা করে বিল্লাল হোসেন ডিক্রি এনেছেন। কিন্তু জালিয়াতি করে নদীর উত্তর পাড়ে তিনি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। এছাড়া তিনি এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগও নিয়েছিলেন। সেটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং নিয়মিত মামলা করা হবে।
পাগলা মসজিদের পশ্চিম পাশে শ্মশান ঘাটের পাশেও আনিস এবং শরীফ নামে দুই ব্যক্তি তিনটি টিনের ঘর বানিয়ে মুরগির খামারসহ বিভিন্ন ব্যবসা করছিলেন। তারাও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। আজ এসব স্থাপনাও শ্রমিক লাগিয়ে ভেঙে দেয়া হয়েছে। পুলিশসহ সবাই সেখানে যাবার পর বিল্লাল হোসেন তার স্থাপনা ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের দা নিয়ে হামলা করতে গিয়েছিলেন বলে শ্রমিকরা ভয়ে ছুটে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নালিশ করেছেন। তবে শ্রমিকদের তাড়িয়ে দেয়ার পর বিল্লাল হোসেনও ওই এলাকা থেকে সটকে পড়েন। বিল্লালের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।