বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে এক জঘণ্য জেল হত্যা দিবস আগামীকাল ৩ নভেম্বর। পঁচাত্তরের ১৫ আগস্ট উচ্চাভিলাষী রাজনীতিক ও বিপথগামী সেনা কর্মকর্তাদের মিলিত চক্রান্তে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার এক সপ্তাহ পর ২৩ আগস্ট বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে গ্রেফতার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রাখা হয়। খুনি মুশতাক তাদেরকে পক্ষে আনতে ব্যর্থ হয়ে ৩ নভেম্বর তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই চার জাতীয় নেতার সন্তান ও স্বজনরা আজও সেই নারকীয় হত্যার পূর্ণাঙ্গ বিচারের দাবিতে সোচ্চার।
বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কিশোরগঞ্জের কৃতি সন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম এ প্রতিনিধির সঙ্গে আলপাকালে বলেন, এরকম একটি জঘণ্য হত্যাকাণ্ডের পেছনে কেবল খন্দকার মুশতাক আর কিছু বিশ্বাসঘাতক সেনা সদস্যই নন, এর নেপথ্যে আরও কুশিলব জড়িত ছিলেন। তাদের অনেকেই আজ বেঁচে নেই। কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এসব কুশিলবদের পরিচয় জাতির সামনে তুলে আনা দরকার, জাতিকে এই বিশ্বাসঘাতদের চেনানো দরকার।
তিনি জানান, বঙ্গবন্ধুকে হত্যার পর মুশতাক তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে চাইলেও তিনি মুশতাকের সঙ্গে কোন কথাই বলেননি। অবশেষে সৈয়দ নজরুলের স্ত্রী সৈয়দা নাফিসা ইসলামকে মুশতাক ফোনে জানিয়েছিলেন, সৈয়দ নজরুল যদি তার সঙ্গে থাকেন, তাহলে তার কোন বিপদ হবে না। মুশতাকের এসব কোন প্রস্তাবই তারা আমলে নেননি।
২৩ আগস্ট সৈয়দ নজরুলসহ চার নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শাফায়েতুল ইসলাম জানান, তিনি এসময় সামরিক বাহিনীতে শিক্ষানবিশ ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত ছিলেন। বঙ্গবন্ধুর আগ্রহেই তিনি এবং শেখ জামাল একসঙ্গেই সেনা বাহিনীতে ঢুকেছিলেন। তিনি অক্টোবরের কোন একদিন মাসহ কারাগারে গিয়ে সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে দেখা করেছিলেন। তখনই সৈয়দ নজরুল বলেছিলেন, খন্দকার মুশতাক তাদেরকে জীবিত রাখবেন না। তখন তার স্ত্রী নাফিসা ইসলাম অভয় দিয়ে বলেছিলেন, কারাগার হচ্ছে একটি সেফ কাস্টোডি। এখানে কিছু করতে পারবে না। উত্তরে সৈয়দ নজরুল বলেছিলেন, বঙ্গবন্ধুকে একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা গ্রেফতার করে নিয়ে যাবার পর আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রবাসে গিয়ে সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলাম। কাজেই মুশতাক আমাদের সেই চোখেই দেখবেন। বঙ্গবন্ধুকে হত্যা করলেও আমরা জীবিত থাকলে মুক্তিযুদ্ধের সময়কার মতই ভূমিকা নেব। সেই কারণেই মুশতাক আমাদের মেরে ফেলবেন। শেষ পর্যন্ত তাই হলো। এই চার নেতাকে কারাগারের অভ্যন্তরেই নিষ্ঠুর কায়দায় হত্যা করা হয়।
শাফায়েত জানান, বাবাকে হত্যার পর তারা পুরনো ঢাকায় মামার বাসায় গিয়ে উঠেছিলেন। সেখানে তাদের বহুদিন কেটেছে। তবে আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠনের পর শাফায়েতুল ইসলাম প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন করে মেজর জেনারেল হিসেবে অবসরে যান।
উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলামের চার ছেলে ও দুই মেয়ে ছিলেন। তার বড় সন্তান আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের বামবুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৩ জানুয়ারি রাতে মারা গেছেন। সৈয়দ নজরুলের অন্য সন্তানরা হলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইসলাম, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা। তাদের মা সৈয়দা নাফিসা ইসলামও কয়েক বছর আগে মারা গেছেন।
সৈয়দ আশরাফ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। কিন্তু শপথ নেওয়ার আগেই ২০১৯ সালের ৩ জানুয়ারি তিনি মারা যান। সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার শূন্য আসনের উপ-নির্বাচনে তারই ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্ম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া গ্রামে। তার স্মৃতি রক্ষার্থে তার নামে সরকার কিশোরগঞ্জে একটি স্টেডিয়াম নির্মাণ করেছে, তার নামে একটি সরকারি মেডিক্যাল কলেজ হয়েছে। ভৈরবে মেঘনা নদীর ওপর তার নামে একটি দীর্ঘ সেতুও নির্মাণ করা হয়েছে। এছাড়া তার নামে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে।