# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চলছে জনবল ঘাটতি নিয়ে। শয্যার তুলনায় রোগী বেশি। করিডোর আর বারান্দায় শয্যা পেতে ঠাঁই দিতে হয়েছে রোগীদের। পরিচ্ছন্নতা কর্মীর অভাবে হাসপাতাল ঠিকমত পরিচ্ছন্ন রাখাও সম্ভব হচ্ছে না। ১১ জুন রোববার হাসপাতালে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
শহরতলির চিনি ও খাদ্য শিল্প সংস্থার পরিত্যক্ত চিনি কলের জায়গায় ২০১১ সালে প্রতিষ্ঠা হয়েছিল মেডিক্যাল কলেজটি। আর নির্মাণ কাজ শেষ করে হাসপাতালে ২০১৯ সালের ২১ মার্চ প্রথম ডা. সাইফুর রহমানকে পরিচালক নিয়োগ করা হয়। কিন্তু সেসময় যন্ত্রপাতি, আসবাবপত্র ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় ২০২০ সালে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সীমিত পরিসরে চিকিৎসা সেবা উদ্বোধন করেন সৈয়দ নজরুলের কন্যা কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. জাকিয়া নূর লিপি।
বিশাল জায়গা জুড়ে বিশাল স্থাপনা নিয়ে হাসপাতালটি নির্মিত হলেও আজও এর প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া সম্ভব হয়নি। বিভিন্ন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় আর স্বাস্থ্য অধিদপ্তরে স্থানীয় কর্তৃপক্ষ লেখালেখি করলেও নানামুখি ঘাটতি রয়েই গেছে। যে কারণে একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা দেয়া সম্ভব হচ্ছে না। একটু জটিল রোগী হলেই রেফার করা হচ্ছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল বা কিশোরগঞ্জের প্রাইভেট হাসপাতাল বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. হেলাল উদ্দিন জানিয়েছেন, তিনি এখানে যোগদান করেছেন গত ৯ ফেব্রুয়ারি। সর্বোচ্চ আন্তরিকতা থাকলেও জনবলের সঙ্কটের কারণে প্রত্যাশা অনুযায়ী সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এখানে চিকিৎসকের পদ আছে ১১৯টি। কিন্তু আছেন ৮৪ জন। ঘাটতি ৩৫ জন। নার্সের পদ আছে ৩৪৩টি। আছেন ৩২৩ জন। ঘাটতি ২০ জন। টেকনিশিয়ানের পদ আছে ৪০টি। আছেন মাত্র ৫ জন। ঘাটতি ৩৫ জন। সবচেয়ে ভয়াবহ অবস্থা কেরানী, ওয়ার্ডবয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মীসহ অন্যান্য কর্মচারী পদে। এসব পদে ১৪০টি পদের বিপরীতে আছেন মাত্র ১২ জন। এই বিশাল জনবল ঘাটতি নিয়েই হাসপাতাল সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক হেলাল উদ্দিন। তবে আউটসোর্সিং কর্মীর ১৬০টি পদের মধ্যে মাত্র তিনজন কম আছে। কিন্তু এরা নিয়োগ পেয়েছেন রাজনৈতিক প্রভাবশালীদের মাধ্যমে। যে কারণে এরা যথেষ্ট বেপরোয়া আচরণ করেন এবং যথাযথভাবে দায়িত্ব পালন করেন না বলে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে।
পরিচালক জানান, হাসপাতালটি ৫০০ শয্যার হলেও কেবিন ও কোভিডের জন্য ১০০টি শয্যা রিজার্ভ রাখা হয়েছে। বাকি ৪০০ শয্যার বিপরীতে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যন্ত রোগী ভর্তি থাকেন। বহু রোগীকে ওয়ার্ডে শয্যার অভাবে বারান্দা এবং করিডোরে ব্যবস্থা করে দিতে হয়।
বেশি সমস্যা হয় মেডিসিন ওয়ার্ডে। কারণ অন্যান্য রোগী বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হলেও চিকিৎসকরা মেডিসিনের রোগীদের উদ্বুদ্ধ করেন এই মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হতে। ফলে শয্যার তুলনায় রোগী সবসময়ই বেশি থাকে। রোববার দেখা গেছে, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৫৩টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ৯৮ জন। আর মহিলা মেডিসিন ওয়ার্ডে ৫৮টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ৯০ জন। বাড়তি রোগীদের বারান্দা আর করিডোরে রাখা হয়েছে। দুই রোগীর স্বজন আব্দুল হাই এবং রফিকুল ইসলাম জানান, ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রোগী রাখতে হচ্ছে। এখানে খুব কষ্ট হয়। বিশেষ করে ফ্যান না থাকায় গরমে প্রচণ্ড কষ্ট হয়। আবার বৃষ্টি আসলেও পানির ঝাপটা আসে। হাসপাতালটিকে ওপর দিকে বাড়িয়ে এক হাজার শয্যার করা উচিত বলে এটি জেলার একমাত্র সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল হওয়ার কারণে প্রতিদিন আউটডোরেও প্রচুর রোগী আসেন। টিকেট কাউন্টারের সামনে প্রচুর রোগী ও রোগীর স্বজনদের ১০ টাকার টিকেটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার ডাক্তাররা রাউন্ডে থাকায় তাঁদের রুমের দরজার সামনে রোগীদের টিকেট হাতে বসে বসে অপেক্ষা করতেও দেখা গেছে। দৈনিক এক হাজার থেকে ১২শ’ রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসেন বলে পরিচালক হেলাল উদ্দিন জানিয়েছেন। মে মাসে ছুটির দিনগুলি বাদ দিয়ে আউটডোরে রোগী এসেছিলেন ২৫ হাজার ৬৭ জন।
তবে বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পরিদর্শনে আসলে হাসপাতালের করুণ অবস্থা তুলে ধরা হয়। আবেদন জানানো হয় যেন এর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হয়। এ জেলায় স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে এই হাসপাতালকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে হবে বলে পরিচালক হেলাল উদ্দিন মনে করেন। তবে দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি জনবলের ঘাটতি রয়েছে। এর মধ্যেই সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে বলেও পরিচালক হেলাল উদ্দিন জানিয়েছেন।