• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version

রাষ্ট্রপতি চান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, কিশোরগঞ্জে ৮১ জন কোয়ারেন্টাইনে

মোস্তফা কামাল :

যারা হোম কোয়ারেন্টাইনে আছেন, তাদের অনেকেই স্বাস্থ্য বিভাগের বিধিনিষেধ মানছেন না। কোয়ান্টোইনে থাকা কেউ কেউ বাড়ি থেকে বাইরে যাচ্ছেন, আবার কারো কারো সংস্পর্শে পরিবারের সদস্যরা চলে আসছেন। স্বাস্থ্য বিভাগের কর্মীদের পক্ষেও সবসময় এগুলি নজরদারি করা সম্ভব হচ্ছে না। সেই কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অন্তত তার নিজ জেলা কিশোরগঞ্জে হোম কোয়ারেন্টাইনের পরিবর্তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনকে। তিনি প্রয়োজনে কোন স্কুল বা স্বাস্থ্য কেন্দ্রকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করার কথা বলেছেন। ১২ মার্চ বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত করোনা ভাইরাস মোকাবেলা সংক্রান্ত জেলা কমিটির সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী একথা জানিয়েছেন। রাষ্ট্রপতির নির্দেশনার বিষয়ে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তারাও সম্ভব হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের উদ্যোগ নেয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে সিভিল সর্জন সভায় জানিয়েছেন। কিশোরগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত ৮১ জন কোয়ারেন্টাইনে ছিলেন বলে সভায় জানানো হয়।
কমিটির উপদেষ্টা কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আক্তার জাহান, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, জেলার ৬টি উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৮১ জন কোয়ান্টোইনে ছিলেন। এর মধ্যে ভৈরবে ৪৫ জন, সদর উপজেলায় ১৪ জন, কুলিয়ারচরে ১০ জন, অষ্টগ্রামে ৯ জন, মিঠামইনে দু’জন ও কটিয়াদীতে একজন। তবে আগে ৬৫ জন ছিলেন। এর মধ্যে ১২ জন ১৪ দিন কোয়ারেন্টইনে থাকার পর রিলিজ দেয়া হয়েছে। নতুন করে বৃহস্পতিবার আরো ২৮ জনকে কোয়ান্টোইনে নেয়ার ফলে এখন ৮১ জন কোয়ান্টোইনে আছেন। এদের অধিকাংশই ইতালি ফেরত।
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি জানিয়েছেন, অষ্টগ্রামে দু’টি স্কুলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করার সুযোগ রয়েছে। এছাড়া সদরে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ভবনের ৪৮টি কক্ষকে ৯৬ জনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেনারেল হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। ভৈরবে একটি ট্রমা সেন্টারকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষামূলক সরঞ্জামের জন্যও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে সভায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *