আফসার হোসেন তূর্জা :-
কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসিদ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে মুখে স্প্রে করে এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ২১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর গ্রামের মুন্সি বাড়ির রাশিদ মিয়ার সাথে একই বংশের আক্কাছ মিয়ার ছেলে মামুনগংদের ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে মামলা চলছে। গত এক সপ্তাহ আগে বাজিতপুর দেওয়ানী আদালত ওই জমিতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন রাশিদ মিয়া। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজ বৃহস্পতিবার দুপুরে মামুন মিয়া ভৈরব সাব-রেজিস্ট্রি অফিসে স্থানীয় এক ব্যক্তির কাছে ওই জমি বিক্রি করতে যান। খবর পেয়ে রাশিদ মিয়া আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি সাব-রেজিস্ট্রারকে অবগত করলে জমি রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, জমি বিক্রি বন্ধ হওয়ার কিছুক্ষণ পর রাশিদ মিয়ার ভাই হাসিদ মিয়া জরুরি কাজের জন্য দুটি ব্যাংক থেকে ৭ লক্ষ টাকা উত্তোলন করে নিজ বাড়ি শ্রীনগর থেকে ভৈরবে আসছিলেন। পথে মামুন ও তাঁর দলবল হাসিদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে হাসিদের মুখে বিষাক্ত স্প্রে করে এবং পরে এলোপাতাড়ি পিটিয়ে মৃত ভেবে সড়কের পাশে কাদার মধ্যে ফেলে রেখে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী হুমায়ুন মিয়া বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলাম। পথের মধ্যে দেখি প্রতিপক্ষরা হাসিদ মিয়াকে মুখে স্প্রে করে মারধর করছে এবং সড়কের পাশে কাদায় ফেলে দিচ্ছে। পরে আমি স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয়ে আহত হাসিদ মিয়ার বড় ভাই রাশিদ মিয়া বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি বিক্রি করতে না পেরে মামুন ও তাঁর লোকজন আমার ভাইয়ের ওপর এই নৃশংস হামলা চালিয়েছে। তারা আমার ভাইয়ের কাছে থাকা ৭ লক্ষ টাকাও ছিনিয়ে নিয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শ্রীনগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য কুলসুম বেগম বলেন, জমির বিরোধের জেরে মামুন, সুমন, রাসেল ও রাজিবগংরা হাসিদ মিয়াকে মুখে স্প্রে করে এবং এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে মূল অভিযুক্ত মামুন মিয়ার ফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে আমি মামুন নই বলে ফোন কেটে দেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. কাইয়ুম মিয়া জানান, বিকালে হাসিদ মিয়া নামে এক রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁর মুখে স্প্রে করার কারণে কালো দাগ পড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।