# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে সাম্প্রতিক ফসলহানির ঘটনায় নিকলীতে উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট স্মারকলিপি দিয়েছে। আজ ৭ মে বৃহস্পতিবার দুপুরে জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরে নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তির কাছে জোটের পক্ষ থেকে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতিক অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি ঘটেছে, যা কৃষকদের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। একই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অধিক ঝুঁকির মধ্যে ফেলছে। ফলে কৃষকদের ক্ষতির হাত থেকে রাক্ষার জন্য জরুরি প্রণোদনা ও ক্ষতিপূরণ প্রদান, শস্য বীমা চালু, কিষাণিদের জন্য নারী কৃষক কার্ড চালু, কৃষি কমিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারি ধান সংগ্রহে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, হাওরের সকল ফসল রক্ষা বাঁধের কার্যকারিতা জরিপ, হাওরে ধানের খলাগুলোকে উঁচু করা, হার্ভেস্টারের যৌক্তিক ভাড়া নির্ধারণ, শ্রমিক সঙ্কট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতা নিশ্চিত করা, খাল ও নদী খনন করাসহ স্মারকলিপিতে ১৬ দফা দাবি তুলে ধরা হয়।