• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক

ইটনার বড়িবাড়ি হাওরে কৃষকরা নিমজ্জিত ধান কাটছেন -পূর্বকণ্ঠ

অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে
শনিবার পর্যন্ত তলিয়েছে
৯ হাজার ৪৫ হেক্টর জমি
ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত বিভিন্ন উপজেলায় শনিবার ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন করে প্রচুর বোরো জমি তলিয়ে গেছে। শনিবার বিকাল পর্যন্ত মোট ৯ হাজার ৪৫ হেক্টর জমি তলিয়ে যাওয়ার হিসাব রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইটনা উপজেলা।
জেলা খামার বাড়ির হিসাব অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ইটনা উপজেলায় নিমজ্জিত হয়েছিল সর্বাধিক জমি দুই হাজার ৬৫০ হেক্টর। ২ মে শনিবার পর্যন্ত নতুন করে আরও ৪০২ হেক্টর জমি তলিয়ে গেছে বলে জানিয়েছেন ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার। তিনি জানান, ইটনা সদর ইউনিয়ন, বড়িবাড়ি ইউনিয়ন, বাদলা ইউনিয়ন ও মৃগা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়িবাড়ি ইউনিয়ন।
বড়িবাড়ি এলাকার কৃষক আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, এবার পাঁচ একর জমি আবাদ করেছিলেন। অর্ধেক জমিও এখনও কাটতে পারেননি। এখন পানির নিচ থেকে কিছু কিছু ধান কাটার চেষ্টা করছেন। একই এলাকার কৃষক মাহমুদুল হাসান এবার তিন একর জমি আবাদ করেছিলেন। দুই একর কাটতে পেরেছিলেন। এক একর জমির ধান তলিয়ে গেছে। এর পরও চেষ্টা করছেন পানির নিচ থেকে কিছু ধান কাটা যায় কিনা।
কৃষকরা জানান, হাওরের সকল জমির ধানই পেকে গিয়েছিল। যেসব জমি তলিয়ে গেছে, সবই পাকা ধান। বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের কৃষক আব্দুল মালেক ভূঁইয়া এবার ১০ বিঘা জমি আবাদ করেছিলেন। ধান হবার কথা ছিল ২৫০ মণ। অর্ধেক জমিও কাটতে পারেননি। এদিকে জলাবদ্ধতার কারণে হার্ভেস্টার বন্ধ। যে কারণে শ্রমিকের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু হার্ভেস্টারের কারণে কয়েক বছর ধরেই সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুরসহ উত্তরবঙ্গের শ্রমিক কম আসছেন। ফলে শ্রমিকের সংখ্যাও কম। এই আবহাওয়ায় শ্রমিকের দৈনিক মজুরি ১১শ’ থেকে ১২শ’ টাকা। অনেকে ধানের চুক্তিতে জমি কেটে দিচ্ছেন। যে পরিমাণ ধান কাটতে পারবেন, এর অর্ধেক নিয়ে যাবেন।
নিকলী উপজেলার ছাতিরচর এলাকার কৃষক লিটন মিয়ার আট বিঘা, আব্দুল জলিলের সাত বিঘা, আব্দুল হামিদ ও সজলের ছয় বিঘা করে জমি পানিতে তলিয়ে গেছে, কাটতে পারেননি। এ ছাড়াও বহু কৃষকের জমি তলিয়ে গেছে। গভীর পানিতে নেমে খুব কম পরিমাণ জমির ধানই কৃষকরা কাটতে পেরেছেন। প্রতি বিঘায় অন্তত ২৫ মণ করে ধান হতো। তারা এবার পথে বসবেন বলে জানিয়েছেন কৃষকরা।
জেলা খামার বাড়ি সূত্রে জানা গেছে, এবার জেলায় এক লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে কেবল হাওরেই আবাদ হয়েছে এক লাখ চার হাজার ৫৮১ হেক্টর জমি। জেলায় এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সাত লাখ ৯৬ হাজার ৬৮৬ মেট্রিক টন। এর মধ্যে কেবল হাওরেই উৎপাদন হবার কথা ছিল চার লাখ ৯৫ হাজার ৮১ টনের মত চাল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের ধান দেশের মোট খাদ্য চাহিদার ১৮ ভাগ পূরণ করে থাকে। কিন্তু এবারের আকস্মিক বন্যায় শনিবার বিকাল পর্যন্ত ৯ হাজার ৪৫ হেক্টর জমি তলিয়ে গেছে। এখন পর্যন্ত ৩১ হাজার থেকে ৩২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, করিমগঞ্জ এবং বাজিতপুর উপজেলায় এ ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। নিমজ্জিত জমি আর ক্ষতিগ্রস্ত কৃষকের জরিপ অব্যাহত আছে। সামনে হয়ত এই পরিসংখ্যান আরও বাড়তেও পারে বলে তিনি ধারণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *