# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ৪০টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শরীফুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আর এ মারুকী শাহিন, সিরাজ মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় ভৈরবের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
ব্যবসায়ীদের আলোচনা শেষে প্রাধান অতিথি ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, ভৈরব একটি সম্ভাবনাময় ব্যবসায়িক বন্দর নগরী। বিগত দিন যারা ভৈরবে ক্ষমতায় ছিলেন তারা ভৈরবকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেনি। শুধু সমস্যা আর সমস্যা। ব্যবসায়ীরা নিজেদের যোগ্যতা আর মেধা দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। জুতা শিল্পে ভৈরবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের ব্যবসায়ীরা সফল ও লাভবান হলেও সরকার ট্যাক্স পাবে লাভবান হবে। ভৈরবের ব্যবসায়ীরা বলছেন যানজট একটি বড় সমস্যা। ভৈরব বাজার নদীর ঘাটে মালামাল ওঠানামা করাও একটি সমস্যা। এ বিষয়গুলো নিয়ে দীর্ঘ মেয়াদি প্ল্যান করতে হবে। শহরের জগন্নাথপুর বেনী বাজার থেকে শম্ভুপুর রেলগেইট পর্যন্ত রাস্তা প্রশস্ত করলে ওই রাস্তা দিয়ে সব ধরণের যান চলাচল করতে পারবে। এতে যানজট কমে যাবে। ভৈরব বাজার থেকে আমলাপাড়া রেল লাইনের পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা গেলে ভৈরব বাজারে যানজট কমে আসবে। ভৈরবের কয়লা ব্যবসা, মৎস ব্যবসাসহ বিভিন্ন ব্যবসায় অনেক সফলতা রয়েছে।
তিনি আরো বলেন, দেশের অনেক টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে বিগত সরকার। আগামী দিন বিএনপি ক্ষমতায় গেলে ও দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোন মিনিষ্ট্রি নেই যেখান থেকে ভৈরবের উন্নয়নের জন্য আমি কাজ করতে পারবো না। আজ বিএনপি ক্ষমতায় নেই তাই আজ কিছু করা ইচ্ছা থাকলেও করতে পারছি না। যখন বিএনপি দুঃসময় ছিল তখনও আমি ভৈরবের ব্যবসায়ীসহ সকলের পাশে থেকেছি। আগামীদিন ক্ষমতায় গেলে ভৈরবের ব্যবসায়ীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
ভৈরব নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। যদিও স্বপ্নেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমি নির্বাচিত হলে ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।
এসময় তিনি আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে ও সকলের সহযোগীতা চেয়ে বক্তব্য শেষ করেন।