# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে ফ্রিজে রেখে পঁচা মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব ফেরিঘাট এলাকার পংকু মিয়ার বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভ্যাটেনারি সার্জন মো. নাহিদুল ইসলাম ও ভূমি অফিসের নাজির আবু সালেকসহ ভৈরব থানা পুলিশের সদস্যরা।
অভিযানে জসিম গোস্ত ঘরের মালিক উজ্জ্বল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানাসহ জব্দকৃত ফ্রিজের পঁচা মাংস উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে যারা এমন অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।