# নিজস্ব প্রতিবেদক :-
জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ করিমগঞ্জের মোবারক হোসেনের পরিবারকে রাতের আঁধারে গ্রামের বাড়িতে কেউ এসে হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। না হয় পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে শাসিয়ে যাচ্ছে। মোবারকের মা জামেনা খাতুন (৫০) বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলাটি করেছিলেন ঢাকার রায়েরবাগ থানায়। গ্রামের বাড়িতে হুমকির ঘটনায় ৭ জুলাই সোমবার রাতে করিমগঞ্জ থানায় শহীদ মোবারকের ছোটভাই মোশারফ হোসেন (২৯) একটি সাধারণ ডায়রি করেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহবুব মোরর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি অভিযোগটি তদন্তের দায়িত্ব দিয়েছেন এসআই ফজলুল হককে।
উল্লেখ্য, করিমগঞ্জ পৌরসভার পূর্ব নয়াকান্দি এলাকার মোবারক হোসেন (৩২) ঢাকার রায়েরবাগ এলাকার আপন বাজারে মা জামেনা খাতুন (৫০), স্ত্রী শিউলি বেগম (২০), মেয়ে আদিবা (৩), ছোটভাই মোশারফ (২৯), তার স্ত্রী পপি আক্তার ও মোশারফের ছেলে আরাফাতকে (২) নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মোশারফ জানান, মোবারক নবাবপুর এলাকায় শতরূপা ট্রেডার্স নামে একটি ইলেক্ট্রিক সামগ্রির দোকানে চাকরি করতেন। মোবারকও অন্য একটি ইলেক্ট্রিক সামগ্রির দোকানে চাকরি করেন।
মোশারফ দাবি করেন, মোবারক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গতবছর ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ আপন বাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। কিন্তু সে সময় ভীতিকর পরিস্থিতির কারণে বলা হয়েছিল, মোবারক তাঁর মেয়ের জন্য চিপস কিনতে গিয়ে গুলিতে মারা গেছেন। মোশারফ জানান, লাশ বাড়িতে আনতে তিনদিন বিলম্ব হয়ে যায়। ২২ জুলাই করিমগঞ্জের বাড়িতে এনে লাশ দাফন করার সময়ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন অনেক বাধা প্রদান করে। মোশারফ জানান, মোবারক মারা যাবার পর সেসময় মামলা করার মত পরিস্থিতি ছিল না। পরিস্থিতি অনুকূল হওয়ার পর মা জামেনা খাতুন বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের নামে গত ১৯ সেপ্টেম্বর রায়েরবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলার তদন্ত চলছে। ঢাকা থেকে পুলিশ গ্রামের বাড়িতে গিয়ে মোশারফের মা জামেনা খাতুনের সাক্ষ্য গ্রহণ করেছে বলেও মোশারফর জানিয়েছেন।
মোশারফ জানান, মোবারক মারা যাবার পর কেবল তিনি চাকরির জন্য ঢাকায় আছেন। পরিবারের সবাই এখন গ্রামের বাড়িতে থাকেন। পুরুষ শূন্য বাড়িতে কিছুদিন ধরে রাতের আঁধারে জানালার পাশে দাঁড়িয়ে কেউ কেউ ক্রমাগত হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। না হয় পরিবারের বড় ধরনের ক্ষতি করে দিবে। রোববার মোশারফ বাড়ি এসেছেন। এদিন সন্ধ্যায় তিনি রাস্তায় হাঁটার সময়ও কয়েকজন তাঁকে শুনিয়ে শুনিয়ে প্রকাশ্যেই বলছিলেন, ‘এরা নাকি শহীদ পরিবার, এদের দেখার আছে’। এসব কথা শুনে মোশারফ ভয় পেয়েছিলেন বলে জানালেন। তবে ছোট বেলা থেকে ঢাকায় থাকেন বলে হুমকিদাতাদের মোশারফ চিনতে পারেননি বলে জানালেন।
দু’টি ছোট্ট শিশুকে নিয়ে মোশারফের মাসহ দুই ভাইয়ের স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। পুরুষ শূন্য বাড়িতে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ক্রমাগত হুমকির ঘটনায় মোশারফ সোমবার রাতে করিমগঞ্জ থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি করেছেন। থানার এসআই ফজলুল হক জানিয়েছেন, তিনি হুমকির বিষয়টি তদন্ত করছেন।