# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে প্রতি বছর প্রায় অর্ধশতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। এর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার দাবি উঠলেও কার্যকর কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। তবে সরকার চৌম্বক শক্তিসম্পন্ন কিছু বজ্রদণ্ড স্থাপন করলেও এর কিছু চুরি হয়ে গেছে, বাকিগুলো বলতে গেলে অকার্যকর। একথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুরর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা। ১৯ মে সোমবার শহরের বত্রিশ এলাকার পপি প্রশিক্ষণ কেন্দ্রে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের একটি কর্মশালায় তিনি এ তথ্য তুলে ধরেন।
ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, জেলার বাজিতপুর, কুলিয়ারচর ও তাড়াইল উপজেলায় ২০২১-২২ অর্থবছরে সরকার চৌম্বক শক্তিসম্পন্ন ১২ থেকে ১৫ ফুট উচ্চতার ১৩টি বজ্রদণ্ড স্থাপন করেছিল। এর কার্যক্ষমতা আনুমানিক ১০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত। কিন্তু বেশ কিছু বজ্রদণ্ড দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। যেগুলি টিকে আছে, সেগুলিও সেভাবে কাজ করে না। নতুন বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের কথা ভাবা হচ্ছে। তিনি জানান, এবছর এখন পর্যন্ত কিশোরগঞ্জে ১৫ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এর অধিকাংশই হাওর এলাকায়। প্রত্যেক মৃত ব্যক্তির জন্য সরকার ৪০ হাজার করে টাকা দিয়েছে। এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়, প্রাণহানিও বেশি হয়। এছাড়া সেপ্টেম্বর-অক্টোবর মাসেও বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন প্রধান অতিথি সিভিল সার্জন অভিজিৎ শর্মা, পাথফাইন্ডারের কান্ট্রি ডিরেক্টর মাহবুবুল আলম, প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হায়দার, মনিটরিং অফিসার আরিফ আজাদ, পাথফাইন্ডারের জেলা সমন্বয়ক কামরুল ইসলাম প্রমুখ। এতে বিভিন্ন উপজেলার চিকিৎসক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিশেষ করে হাওরের উপজেলাগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার দূরবস্থার কথাও তুলে ধরেন আলোচক ও অংশগ্রহণকারীগণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জনবল সঙ্কট, ভবনের জরাজীর্ণ অবস্থা, প্রয়োজনীয় ওষুধের স্বল্পতা, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়াসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এসব সমস্যা নিরসনে সরকারী মহলে কথা বলার ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে এর মধ্যে অনেক জায়গায় পাথফাইন্ডারের মাধ্যমে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।