# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে কর্মশালা হয়েছে। আজ ১২ মে রোববার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিমের মূল প্রবন্ধের ওপর সিভিল সার্জন ছাড়াও আলোচনা করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. ইকরাম উল্লাহ।
বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত কর্মশালায় সিভিল সার্জন জানান, বাংলাদেশে প্রতি বছর তামাকজাত দ্রব্যের জন্য জাতীয় ক্ষতি হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। আর এই খাত থেকে রাজস্ব আসে ২২ হাজার কোটি টাকা। ঘাটতি থাকে ৮ হাজার কোটি টাকা। এছাড়া তামাকজাত দ্রব্যের কারণে চিকিৎসা খরচ, বিপুল পরিমাণ জমিতে তামাক চাষের ফলে আবশ্যক ফসল উৎপাদনে ঘাটতিসহ অন্যান্য ক্ষতি তো আছেই। তিনি তামাকজাত দ্রব্য ব্যবহারের ভয়াবহ ক্ষতির চিত্র তুলে ধরে এর কবল থেকে মানুষকে মুক্ত করার জন্য সবাইকে সচেতনতামূলক কাজ করার জন্য আহবান জানিয়েছেন। সরকারও আগামী ২০৪০ সালের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্যের হাত থেকে দেশকে মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছে। তামাকের ভয়াবহ ক্ষতি এড়ানোর লক্ষ্যে এ সংক্রান্ত বিভিন্ন আইনও রয়েছে। তৃণমূল পর্যায়েও এসব বিষয়ে ক্যাম্পেইন করার ওপর সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম গুরুত্বারোপ করেছেন।