# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বছরের প্রথম দিন নতুন বই প্রাপ্তির ঘাটতি নিয়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যের বই উৎসব। জেলায় এবার প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২০ লাখ ৪২ হাজার ২৮৮টি ও ইংরেজি মাধ্যমের তিন হাজার ১৩৫টি এবং মাধ্যমিক পর্যায়ে ৪৩ লাখ ৯৪ হাজার ৫৪টি বই বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাগণ জানিয়েছেন। তবে প্রাথমিক পর্যায়ে সবগুলো বই আসলেও মাধ্যমিক পর্যায়ে এখনও ১৩ লাখ ৯২ হাজার ৪৩১টি বই ঘাটতি আছে। ঘাটতির হার শতকরা ৩১ দশমিক ৬৯ ভাগ। জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
১ জানুয়ারি সোমবার সকালে শহরের সরকারি আদর্শ শিশু বিদ্যালয় ও সরকারি বালক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম, বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর আলী, আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা ডলি প্রমুখ। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উল্লাস প্রকাশ করেছে।