মানবজাতিকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ রব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূলগণকে প্রেরণ করেছেন। যার ধারাবাহিকতা শেষ হয়েছে বিশ^ নবী মুহাম্মদ (সা.) এর মাধ্যমে। অতঃপর যুগের পরম্পরায় এই দায়িত্ব চলে এসেছে নবীগণের উত্তরাধিকারী হিসাবে আলেমদের উপর। কাজেই তাদের মৌলিক দায়িত্ব হলো আল্লাহ ও তাঁর রাসূল সম্পর্কে, মহান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জীবন-বিধান পবিত্র কুরআন এবং সহীহ সুন্নাহর ব্যাপারে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি-লাভ এবং পরকালীন মুক্তির আশায় জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী নিজেরা আমল করার পাশাপাশি পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে মানুষকে সার্বিক জীবন পরিচালনার দিক নির্দেশনা দেওয়া। কেননা আল্লাহ রব্বুল আলামীন বলেন, অতএব তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং ফিরে এসে নিজ জাতিকে (আল্লাহর নাফরমানী হতে) ভয় প্রদর্শন করে যাতে তারা সতর্ক হয়। (সূরা তওবা: ১২২)
অপরদিকে হাদীসে এসেছে, যেই জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, যদি কেউ সেই জ্ঞান পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষা করে, তবে সে কিয়ামতের দিন জান্নাতের গন্ধও পাবে না। (ইবনে মাজাহ: ২৫২)
অন্যত্র এসেছে, রাসূল (সা.) বলেছেন, যেই লোক আলেমদের সাথে তর্ক করা অথবা মূর্খদের সাথে বাকবিতণ্ডা করার জন্য অথবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইল্ম তথা দ্বীনের জ্ঞান অধ্যয়ন করে, আল্লাহ তায়ালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। (তিরমিযি: ২৬৫৪)
অতএব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে এবং মানুষের নিকট এর প্রচার-প্রসার ঘটাতে হবে। তবে যেহেতু দুনিয়াতে জীবন-যাপন করার জন্য অর্থ-সম্পদের প্রয়োজন, তাই আলেমদেরকেও প্রয়োজন অনুযায়ী ইসলামী শরীয়তের বিধি-বিধান মেনে সম্পদ উপার্জন করতে হবে। এখন কেউ যদি ব্যবসা বা অন্য কোন চাকুরী কিংবা চাষাবাদ অথবা শিল্প কর্মের মাধ্যমে উপার্জন করেন আর পাশাপাশি দ্বীনি কাজে ব্যস্ত থাকেন, তাহলে তাকে অবশ্যই ব্যবসা, চাকুরী, চাষাবাদ বা শিল্পকর্মের ক্ষেত্রে ইসলামের যেই মূলনীতি রয়েছে তা মেনে উপার্জন করতে হবে। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনি কাজে ব্যস্ত থাকেন এবং এর মাধ্যমে কোন কিছু উপার্জন হলে তা দিয়েই দুনিয়াবী জীবন পরিচালনা করতে চান, তাহলে এই ক্ষেত্রে তাকে কিছু বিষয় মেনে চলতে হবে। অন্যথায় উপার্জন হারাম হয়ে যেতে পারে। আর সেগুলো হলো:
১। কুরআন ও হাদীসের অপব্যাখ্যা কিংবা বিকৃতি ঘটানো যাবে না। কেননা এই গুলো অভিশপ্ত ইয়াহুদীদের কাজ। তারা তাদের শরীয়তের অনেক বিধানের মনগড়া ব্যাখ্যা করে জাতির সামনে উপস্থাপন করেছে এবং মহান আল্লাহ প্রদত্ত বিধানের পরিবর্তন ঘটিয়েছে। এই মর্মে আল্লাহ তায়ালা বলেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে। তারপর বলে, এটি আল্লাহর পক্ষ হতে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রয় করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। (সূরা বাকারা: ৭৯)
২। মানুষকে বিপথে পরিচালিত করা যাবে না। কেননা আল্লাহ রব্বুল আলামীন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় পন্ডিত ও সংসার বিরাগীদের (তথা যে সকল দরবেশ, সূফী, পীর ও এক শ্রেণির আলেম যারা ধর্মের নামে ব্যবসা করে) অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। (সূরা তওবা: ৩৪)
৩। শিরক জাতীয় তথা আল্লাহর সাথে অংশীদার হয় এমন কোন কাজ করে উপার্জন করা যাবে না। যেমন- কোন কাগজের মধ্যে নকশা বানিয়ে সংখ্যা লিখে অথবা কোন ফেরেশতা, জিন কিংবা শয়তানের নাম ছক আকারে লিখে অথবা কোন যাদুবিদ্যার সাহায্য নিয়ে অবোধগম্য বাক্য লিখে, কোন ধাতু, পশু-পাখির হাড়, লোম বা পালক কিংবা গাছের শিকড় দিয়ে অথবা মসজিদ, পীরতলা, কবর বা মাজারের ধুলা দিয়ে অথবা কোন বুযুর্গের মাথার পাগড়ী, কবরে জড়ানো চাদরের অংশ, কাবা ঘরের গিলাফের সুতো, মক্কা-মদীনার মাটি ইত্যাদি দিয়ে তাবিজ বানিয়ে মানুষকে দিয়ে অর্থ উপার্জন করা। ঝাড় ফুঁকের সময় শিরকী বাক্য ও মন্ত্র ব্যবহার করা। কোন দেব-দেবী, জিন, শয়তান ইত্যাদির নাম নিয়ে ঝাড় ফুঁক করা ইত্যাদি।
৪। বিদআতী কোন কাজ করে উপার্জন করা যাবে না। যেমন- মিলাদ পড়িয়ে, কবরের কাছে কুরআন খতম করে, কুরআনখানী করে, কুলখানী করে, কালেমাখানী করে, সওয়াব রেসানীর অনুষ্ঠান ইত্যাদি করে টাকা-পয়সা উপার্জন করা।
এই গুলো ছাড়াও ইসলাম সমর্থন করে না এমন কোন কাজের বেলায় দ্বীনি জ্ঞানকে ব্যবহার করে উপার্জন করলে সেই উপার্জন হালাল হবে না।
উপরোল্লিখিত আলোচনার মাধ্যমে আলেমদের উপার্জন হারাম হওয়ার কিছু কারণ আমরা জানতে পারলাম। অতএব সকল আলেমদেরই দায়িত্ব হল এই বিষয়গুলো থেকে বিরত থেকে উপার্জন করা। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন
প্রচারে ঃ আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।