# মোহাম্মদ খলিলুর রহমান :-
দেড়শত বছরের ঐতিহ্যবাহী বাজিতপুর দেওয়ানী আদালত আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ-২০২৬ এর নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অ্যাডভোকেট কালি কিংকুর বসাক ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন পেয়েছেন ২২ ভোট।
৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে বিকেলেই ফলাফল ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদি এই নির্বাচনে অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.এস.এম শহিদুল ইসলাম (শাকিল), কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন।
উল্লেখ্য, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব, নিকলী ও অষ্টগ্রাম সহকারী জজ আদালতের সমন্বয়ে গঠিত বাজিতপুর দেওয়ানী আদালতের এই আইনজীবী সমিতিতে মোট ভোটার সংখ্যা ৭৮ জন। এর মধ্যে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।