# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে প্রাইভেটকারে তুলে নিয়ে সর্বস্ব লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৪ জুলাই রাত সাড়ে নয়টায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় থেকে যাত্রী হিসেবে তুলে নিয়ে ভৈরব উপজেলার গাজিরটেক এলাকায় সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগকারী ব্যক্তি একই জেলার বাজিতপুর থানার সরারচর গ্রামের মৃত তাপস বনিকের ছেলে সুখন বনিক (৩৩)।
এ বিষয়ে অভিযোগকারী সুখন বনিক বলেন, ভৈরব বাজারে কালিবাড়ি রোডে আমার মামা বিশ্বজিৎ পোদ্দারের বাসা। ২৪ জুলাই সোমবার সকালে বেড়ানোর উদ্দেশ্যে মামার বাড়িতে আসি। রাত সাড়ে নয়টায় বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে আসি। এ সময় অজ্ঞাত পরিচয়ধারী একটি কালো কালার প্রাইভেটকারের ড্রাইভার সরারচর যাওয়ার জন্য আমাকে ডাক দেয়। আমি ভাড়া জিজ্ঞাসা করলে ড্রাইভার একশত ভাড়া দাবী করে। তখন প্রাইভেটকারে আরো তিনজন যাত্রী ছিল। আমি সরল বিশ্বাসে প্রাইভেটকারে উঠলেই সাথে সাথে প্রাইভেটকারটি রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর যাত্রীবেশী ডাকাতদল আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমার চোখ বেঁধে দেয়। পরক্ষণে আমার সাথে থাকা দুইটি স্মার্ট ফোন একটি স্যামসাং জে-৭ প্রাইম, অপ্পো এ-৯৩ মডেলের মোবাইল, নগদ ৩২ হাজার টাকা, বিদেশী টাকা ২শত ডলার ও একটি দশ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে গাড়ি থেকে আমাকে কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকায় চোখ বেঁধে নামিয়ে দেয়। আমাকে গাড়ি থেকে নামিয়ে চলে যাওয়ার সময় ডাকাতরা হুমকি দিয়ে বলে এ বিষয়ে কাউকে যদি বলি বা থানায় অভিযোগ করি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে।
এ বিষয়ে অভিযোগের বিষয়টি স্বীকার করে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জনান, ২৫ জুলাই রাতে অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।